ভারতের বিহার রাজ্যের মুঙ্গের জেলায় প্রায় ৭০০ বছর বয়সী একটি বটগাছের সন্ধান পেয়েছেন গবেষকেরা। আধুনিক বৈজ্ঞানিক পরীক্ষার মাধ্যমে বয়স নির্ধারণ করা এই গাছটিকে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে প্রাচীন বৈজ্ঞানিকভাবে বয়স নির্ধারিত বটগাছ বলে দাবি করা হচ্ছে।
ভারতের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাছটির প্রকৃত বয়স নির্ধারণে গবেষকেরা এর ভেতরের অংশ থেকে নমুনা সংগ্রহ করেন। পরে নমুনার কোষীয় উপাদানের সবচেয়ে স্থিতিশীল অংশ বিশ্লেষণ করে অত্যাধুনিক রেডিওকার্বন পরীক্ষার মাধ্যমে বয়স নির্ধারণ করা হয়। পরীক্ষার ফল আরও নির্ভুল করতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ক্যালিব্রেশন পদ্ধতিও ব্যবহার করা হয়েছে।
গবেষণায় দেখা গেছে, গাছটির বয়স প্রায় ৭০০ বছর। এর আগে ধারণা করা হয়েছিল, একটি পুরোনো বাংলো ভবনের সামনে থাকা এই বটগাছটির বয়স ৩০০ থেকে ৩৫০ বছর হতে পারে। তবে নতুন গবেষণায় সেই ধারণা ভুল প্রমাণিত হয়েছে।
বিজ্ঞানীদের মতে, গাছটি ভবনটিরও অনেক আগে থেকে সেখানে ছিল।
গবেষকদের ধারণা, এই বটগাছটি সম্ভবত ওই অঞ্চলের প্রাচীন বনভূমির টিকে থাকা একটি অংশ। ফলে এটি শুধু একটি পুরোনো গাছ নয়, বরং শতাব্দীপ্রাচীন প্রাকৃতিক পরিবেশেরও গুরুত্বপূর্ণ নিদর্শন।
গবেষণাটি আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী কোয়ার্টারনারি রিসার্চ-এ প্রকাশিত হয়েছে।
গবেষকদের ভাষ্য, বটগাছের মতো উষ্ণমণ্ডলীয় গাছে সাধারণত স্পষ্ট বার্ষিক বৃদ্ধিবলয় থাকে না। তাই এতদিন এসব গাছের বয়স মূলত অনুমান বা ঐতিহাসিক তথ্যের ভিত্তিতে নির্ধারণ করা হতো। নতুন এই গবেষণা ভবিষ্যতে প্রাচীন গাছের সঠিক বয়স নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এই আবিষ্কার পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণে নতুন গবেষণার পথ খুলে দেবে।
আরু/


