২০২৬ ফুটবল বিশ্বকাপ এখন শেষ আটের লড়াইয়ে। একদিনের বিরতির পর বৃহস্পতিবার (৯ জুলাই) শুরু হচ্ছে কোয়ার্টার ফাইনাল। তবে এই গুরুত্বপূর্ণ পর্বে মাঠে নামার আগে আট দলের অন্তত ১৮ জন ফুটবলার রয়েছেন নিষেধাজ্ঞার ঝুঁকিতে। কোয়ার্টার ফাইনালে তারা আরেকটি হলুদ কার্ড দেখলে দল সেমিফাইনালে উঠলেও সেই ম্যাচে খেলতে পারবেন না।
এবারের বিশ্বকাপে ৪৮টি দল অংশ নেওয়ায় নকআউট পর্বে একটি অতিরিক্ত রাউন্ড যুক্ত হয়েছে। সে কারণে হলুদ কার্ডের নিয়মেও পরিবর্তন আনে ফিফা। নতুন নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বে পাওয়া সব হলুদ কার্ড নকআউট পর্ব শুরুর আগে বাতিল (রিসেট) করা হয়েছে। এরপর নকআউটে ভিন্ন দুই ম্যাচে দুটি হলুদ কার্ড পেলে সংশ্লিষ্ট খেলোয়াড়কে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে হবে।
অর্থাৎ, শেষ ৩২ বা শেষ ১৬-তে যারা একটি করে হলুদ কার্ড দেখেছেন, তারা কোয়ার্টার ফাইনালে আবার কার্ড পেলে সেমিফাইনালে খেলতে পারবেন না।
সবচেয়ে বেশি চাপে রয়েছে ইংল্যান্ড ও মরক্কো। দুই দলেরই চারজন করে ফুটবলার ইতোমধ্যে একটি করে হলুদ কার্ড দেখেছেন। ফ্রান্স ও সুইজারল্যান্ডের তিনজন করে, আর আর্জেন্টিনা, স্পেন, বেলজিয়াম ও নরওয়ের একজন করে খেলোয়াড় একই ঝুঁকিতে রয়েছেন।
তবে স্বস্তির বিষয় হলো, কোয়ার্টার ফাইনাল শেষে হলুদ কার্ডের হিসাব আবারও রিসেট হবে। ফলে হলুদ কার্ডের কারণে কোনো খেলোয়াড় ফাইনাল মিস করবেন না। তবে সেমিফাইনালে লাল কার্ড দেখলে তিনি ফাইনালে খেলতে পারবেন না। এছাড়া গুরুতর বা সহিংস আচরণের ক্ষেত্রে ফিফার শৃঙ্খলা কমিটি অতিরিক্ত নিষেধাজ্ঞাও দিতে পারে।
বিশ্বকাপের সূচি অনুযায়ী, ৯ থেকে ১২ জুলাই কোয়ার্টার ফাইনাল, ১৪ ও ১৫ জুলাই সেমিফাইনাল, ১৮ জুলাই তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ এবং ১৯ জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল।
নিষেধাজ্ঞার ঝুঁকিতে থাকা ১৮ ফুটবলার
ইংল্যান্ড (৪):
- জুড বেলিংহ্যাম
- নিকো ও’রাইলি
- ডেক্লান রাইস
- মার্ক গেয়ি
মরক্কো (৪):
- ইসা দিওপ
- আশরাফ হাকিমি
- রেদোয়ান হালহাল
- বিলাল এল খানুস
ফ্রান্স (৩):
- মানু কোনে
- মাইকেল ওলিসে
- ব্রাডলি বারকোলা
সুইজারল্যান্ড (৩):
- গ্রানিত জাকা
- ডেনিস জাকারিয়া
- মিরো মুহাইম
আর্জেন্টিনা (১):
- গঞ্জালো মন্টিয়েল
স্পেন (১):
- ফেররান তোরেস
বেলজিয়াম (১):
- ব্র্যান্ডন মেচেলে
নরওয়ে (১):
- অ্যান্তোনিও নুসা
আরু/


