কফি খেতে চান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে? তাহলে সুযোগ রয়েছে ভক্তদের সামনে! তবে রয়েছে একটি বিশেষ শর্ত। কফির বিল দিতে হবে নিজের পকেট থেকে, বিনিময়ে সঙ্গী হবেন স্বয়ং জয়া আহসান! সামাজিক মাধ্যমে এমনই মজার আমন্ত্রণ জানিয়ে ভক্তদের মধ্যে বেশ সাড়া ফেলেছেন দুই বাংলার জনপ্রিয় এই অভিনেত্রী।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে কফি খাওয়ার মুহূর্তের কয়েকটি ছবি প্রকাশ করেন জয়া।
ছবিতে সাদা রঙের ক্যাজুয়াল পোশাকে দেখা যায় তাকে। কফির কাপ হাতে কখনো মৃদু হাসি, কখনো ক্যামেরার দিকে মিষ্টি দৃষ্টিতে তাকিয়ে পোজ দিয়েছেন অভিনেত্রী। স্বাভাবিকভাবেই তার এই ছবিগুলো নজর কেড়েছে ভক্তদের।
তবে ছবির চেয়েও বেশি আলোচনা তৈরি করেছে তার ক্যাপশন। সেখানে জয়া লিখেছেন, ‘কফি খাবে কেউ!! বিলটা নিজের, সঙ্গটা আমার!’
অর্থাৎ, কফির বিল দিতে হবে আমন্ত্রিত ব্যক্তিকেই, আর আড্ডার সঙ্গী হবেন জয়া নিজেই। অভিনেত্রীর এমন রসিকতাপূর্ণ আমন্ত্রণ প্রকাশ্যে আসতেই মন্তব্যের ঘরে শুরু হয় ভক্তদের মজার প্রতিক্রিয়া।
অনেকেই জানিয়েছেন, জয়ার সঙ্গে এক কাপ কফি খাওয়ার সুযোগ পেলে বিল দিতে তাদের কোনো আপত্তি নেই। কেউ কেউ আবার আগ্রহ প্রকাশ করেছেন তার সঙ্গে কফির আড্ডায় বসার।
সব মিলিয়ে, কফির বিল নিজের হলেও সঙ্গী হিসেবে জয়া আহসান, এমন মজার প্রস্তাব দিয়ে সামাজিক মাধ্যমে আবারও আলোচনায় এই অভিনেত্রী।
আরু|



