পাবনার বিলে মাছ ধরতে গিয়ে হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে প্রাণ হারালেন ছয়জন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।
শুক্রবার বিকেলে পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে সোনাপাতিলা বিলে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কয়েকজন সোনাপাতিলা বিলের পাশের নদীর নালায় বড়শি দিয়ে মাছ ধরছিলেন। এ সময় হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা বাড়ির উদ্দেশে রওনা হন। পথেই আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহতদের মধ্যে রয়েছেন- মালঞ্চি ইউনিয়নের গজমতি গ্রামের রবিউলের ছেলে শাওন (২২), নলমুড়া গ্রামের ইসমাইলের ছেলে রব্বেল (২২), একই গ্রামের শাহজাহানের ছেলে মিজান (১২) এবং নাজিম উদ্দিনের ছেলে সাজিদ (১০)। বাকি দুজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একজন উপপরিদর্শককে পাঠানো হয়েছে।
এদিকে, পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফও ঘটনার খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
হঠাৎ বজ্রপাতের এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আরু|



