আগামীর সরকার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বে এবং নাহিদ ইসলামের নেতৃত্বেই গঠিত হবে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেছেন, তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করতে বর্তমান সরকার ব্যর্থ হলে ক্ষমতায় গিয়ে তরুণদের দায়িত্ব নিতে প্রস্তুত এনসিপি।
শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর শাহবাগে চার দফা দাবিতে আয়োজিত এক গণবিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপির উদ্যোগে এ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, নাহিদ ইসলামের নেতৃত্বে যেভাবে গণঅভ্যুত্থান হয়েছিল, সেই নেতৃত্বেই আগামীর সরকার গঠিত হবে। ইনশাআল্লাহ, এনসিপির নেতৃত্বেই সরকার গঠন করা হবে।
তিনি অভিযোগ করেন, বিএনপি এক কোটি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও গত আট মাসে তরুণদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। বরং অসংখ্য তরুণ কর্মসংস্থানের সংকটে পড়েছেন।
সরকারের প্রতি তরুণদের কর্মসংস্থানের ব্যবস্থা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তা সম্ভব না হলে এনসিপি ক্ষমতায় গিয়ে তরুণদের দায়িত্ব নিতে প্রস্তুত।
ঢাকাকে নতুন করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বর্তমান সরকার সিন্ডিকেট, চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজত্ব ভাঙতে পারবে না। তাদের অভিযোগ, অপরাধীদের পুরস্কৃত করা হচ্ছে। এনসিপি ক্ষমতায় গেলে ঢাকাকে নতুনভাবে সাজানোর পাশাপাশি এসব অনিয়মের অবসান ঘটানো হবে।
জুলাই সনদ বাস্তবায়নের প্রতিশ্রুতির কথা তুলে ধরে তিনি বলেন, অসংখ্য মানুষের রক্তের বিনিময়ে দেশের সংস্কারের যে অঙ্গীকার করা হয়েছিল, সেখান থেকে তারা একচুলও সরে যাবেন না। বরং দ্বিগুণ গতিতে জুলাই সনদ বাস্তবায়নের জন্য লড়াই চালিয়ে যাবেন।
আগামী স্থানীয় সরকার নির্বাচনে এনসিপি এককভাবে অংশ নেবে বলেও জানান তিনি। ইতোমধ্যে কয়েকটি সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করা হয়েছে উল্লেখ করে তিনি কাউন্সিলর, ইউনিয়ন পরিষদের সদস্য, উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার বিভিন্ন পদে আগ্রহীদের দলে যোগ দেওয়ার আহ্বান জানান।
সমাবেশে এনসিপির চার দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে- ব্যর্থতার দায়ে স্বরাষ্ট্র ও জ্বালানিমন্ত্রীর পদত্যাগ; একদলীয় সংবিধান সংশোধন কমিটি বিলুপ্ত করে গণভোটের গণরায়ের ভিত্তিতে সংবিধান সংস্কার পরিষদ গঠন; মানবাধিকার ও বাকস্বাধীনতার পরিপন্থী আইন বাতিল এবং সাইবার সুরক্ষা আইনের প্রস্তাবিত সংশোধনী পাস না করা। পাশাপাশি জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করে দ্রুত রায় কার্যকরের দাবিও জানানো হয়।
সমাবেশে উপস্থিত ছিলেন- এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ দলের অন্যান্য নেতাকর্মী।
আরু|



