২০২৬ ফিফা বিশ্বকাপে শেষ আটের লড়াই নিশ্চিত করেছে আটটি দল। বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, রানার্সআপ ফ্রান্স, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম, মরক্কো, নরওয়ে ও সুইজারল্যান্ড—সব দলই শিরোপার দৌড়ে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। তবে এই আট দলের মধ্যে একমাত্র স্পেনই এখনও পর্যন্ত কোনো গোল হজম না করে কোয়ার্টার ফাইনালে উঠেছে।
গ্রুপ পর্বে কেপ ভার্দের বিপক্ষে গোলশূন্য ড্র দিয়ে যাত্রা শুরু করেছিল লুইস দে লা ফুয়েন্তের দল। এরপর সৌদি আরবকে ৪-০ এবং উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ সেরা হিসেবে শেষ ষোলোয় ওঠে স্পেন। নকআউট পর্বে অস্ট্রিয়াকে ৩-০ এবং পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে তারা। পাঁচ ম্যাচে ৯ গোল করলেও এখনও পর্যন্ত একটি গোলও হজম করেনি স্পেন।
বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষে স্পেনের সঙ্গে যৌথভাবে গোল না খাওয়ার কৃতিত্ব ছিল সহ-আয়োজক মেক্সিকোর। তবে শেষ ষোলোতে ইংল্যান্ডের কাছে হেরে বিদায় নেওয়ায় সেই রেকর্ড ধরে রাখতে পারেনি মেক্সিকো।
কোয়ার্টার ফাইনালে ওঠা বাকি ৭ দলের গোল হজমের চিত্র
আর্জেন্টিনা:
বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা পাঁচ ম্যাচে করেছে ১৪ গোল, হজম করেছে ৫টি। শেষ ষোলোতে মিসরের বিপক্ষে ৩-২ ব্যবধানে নাটকীয় জয় পেয়ে কোয়ার্টারে উঠেছে তারা।
ফ্রান্স:
দারুণ ছন্দে থাকা ফরাসিরা এখন পর্যন্ত অপরাজিত। পাঁচ ম্যাচে করেছে ১৪ গোল এবং হজম করেছে মাত্র ২টি। নকআউট পর্বের দুই ম্যাচেই তারা ক্লিন শিট ধরে রেখেছে।
মরক্কো:
গ্রুপ ও নকআউট মিলিয়ে আফ্রিকার দলটি করেছে ১০ গোল। টাইব্রেকার বাদে তাদের বিপক্ষে গোল হয়েছে ৪টি।
বেলজিয়াম:
শুরুটা ভালো না হলেও শেষ পর্যন্ত ঘুরে দাঁড়িয়েছে বেলজিয়াম। পাঁচ ম্যাচে করেছে ১২ গোল, হজম করেছে ৫টি। শেষ ষোলোতে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করেছে তারা।
নরওয়ে:
ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে নরওয়ে। আর্লিং হালান্ডের নেতৃত্বে তারা করেছে ১২ গোল, তবে হজমও করেছে ৯টি।
ইংল্যান্ড:
শিরোপার অন্যতম দাবিদার ইংল্যান্ড পাঁচ ম্যাচে করেছে ১১ গোল এবং হজম করেছে ৫টি। শেষ ষোলোতে মেক্সিকোকে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে থ্রি লায়ন্সরা।
সুইজারল্যান্ড:
৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে সুইজারল্যান্ড। পাঁচ ম্যাচে তাদের গোল ৯টি, বিপরীতে হজম করেছে ৩টি।
স্পেন এখন শুধু কোয়ার্টার ফাইনালেই নয়, টুর্নামেন্টে সবচেয়ে শক্তিশালী রক্ষণভাগের দল হিসেবেও আলোচনার কেন্দ্রবিন্দুতে। গোল না খেয়ে শিরোপার পথে তাদের এই যাত্রা কত দূর গড়ায়, সেটাই এখন দেখার অপেক্ষা।
আরু/


