পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের স্বাক্ষরিত ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’তে বাংলাদেশ যোগ দিতে চাইলে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করা হবে বলে জানিয়েছে পাকিস্তান। একই সময়ে, বাংলাদেশ এই চুক্তিতে যুক্ত হওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করায় বিষয়টিকে গভীরভাবে পর্যবেক্ষণের কথা জানিয়েছে ভারত।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্প্রতি জাতীয় সংসদে জানিয়েছেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার জন্য বাংলাদেশ আনুষ্ঠানিক প্রস্তাব পেলে সরকার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে। এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরও বলেছিলেন, মধ্যপ্রাচ্যের কোনো নিরাপত্তা ব্যবস্থায় বাংলাদেশকে যুক্ত হওয়ার আমন্ত্রণ জানানো হলে সেটিকে ইতিবাচকভাবে নেওয়া হবে।
বাংলাদেশের এমন অবস্থান নিয়ে ভারতের প্রতিক্রিয়া জানতে সাংবাদিকরা দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের কাছে প্রশ্ন করেন। এক সাংবাদিক বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সংসদে দেওয়া বক্তব্যের বিষয়টি তার দৃষ্টিগোচর করেন।
জবাবে রণধীর জয়সওয়াল বলেন, “আমাদের জাতীয় নিরাপত্তার ওপর প্রভাব ফেলে এমন সব বিষয়ের ওপর আমরা সার্বক্ষণিক নজর রাখি।”
অর্থাৎ, বাংলাদেশের সম্ভাব্য এই উদ্যোগকে ভারত কীভাবে দেখছে_সে বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে জাতীয় নিরাপত্তার দৃষ্টিকোণ থেকে বিষয়টির ওপর নজর রাখার কথা জানিয়েছে নয়াদিল্লি।
এদিকে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের সম্ভাব্য যোগদানের বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবিও বক্তব্য দিয়েছেন।
তিনি জানান, বাংলাদেশ যদি চুক্তিতে যোগ দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দেয় বা আগ্রহ প্রকাশ করে, তাহলে বিষয়টি সৌদি আরব ও তুরস্কের সঙ্গে আলোচনা করে বিবেচনা করা হবে।
সাংবাদিকদের তিনি বলেন, “এটি হলো একটি প্রতিরক্ষামূলক কাঠামো। যার লক্ষ্য হলো এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করা।”
তিনি আরও বলেন, একটি ক্রমবিকাশমান নিরাপত্তা কাঠামো হিসেবে চুক্তিটিতে এমন দেশগুলো যুক্ত হতে পারবে, যারা যৌথ দায়িত্ব ও নিরাপত্তার স্বার্থে একই ধরনের অঙ্গীকারে বিশ্বাসী।
বাংলাদেশের প্রসঙ্গ টেনে পাকিস্তানের মুখপাত্র বলেন, কোনো দেশ যদি এতে যুক্ত হওয়ার জন্য আনুষ্ঠানিক প্রস্তাব দেয়, তাহলে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে আলোচনা করে বিষয়টি বিবেচনা করা হবে।
তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, মক্কা প্রতিরক্ষা চুক্তিটি এখনো একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে।
সংবাদ সম্মেলনে রংপুরে এক শিক্ষক, তার স্ত্রী ও সন্তানদের হত্যাকাণ্ড নিয়েও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রকে প্রশ্ন করেন সাংবাদিকরা।
জবাবে রণধীর জয়সওয়াল বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব বাংলাদেশ সরকারের।
সব মিলিয়ে, বাংলাদেশের সম্ভাব্য মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের উদ্যোগ ঘিরে ভারত সতর্ক নজর রাখছে, আর পাকিস্তান জানিয়েছে_বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করলে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে আলোচনা করে বিষয়টি বিবেচনা করা হবে।
আরু|



