পুলিশের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদল এনেছে সরকার। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) নতুন মহাপরিচালক (ডিজি) করা হয়েছে হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদকে। অন্যদিকে, শিল্প পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার অতিরিক্ত আইজিপি মো. ইসরাইল হাওলাদার।
মঙ্গলবার (৩ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে পুলিশের ঊর্ধ্বতন সাত কর্মকর্তার বদলি ও পদায়নের কথা জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, এসআরবির বর্তমান মহাপরিচালক অতিরিক্ত আইজিপি আহসান হাবীব পলাশকে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি হিসেবে পদায়ন করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন ফারুক আহমেদ।
এ ছাড়া পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি মো. সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশের প্রধান করা হয়েছে। শিল্প পুলিশের অতিরিক্ত আইজিপি গাজী জসীম উদ্দিনকে বদলি করে পুলিশ টেলিকম সংস্থায় পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আর রেলওয়ে পুলিশের ডিআইজি মীর আশরাফ আলীকে রাজশাহী রেঞ্জের ডিআইজি করা হয়েছে।
প্রজ্ঞাপনে জনস্বার্থে এসব আদেশ অবিলম্বে কার্যকরের কথা উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিট ও গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদে এই রদবদলের ফলে এসআরবি, হাইওয়ে পুলিশ, শিল্প পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং রাজশাহী রেঞ্জের নেতৃত্বে পরিবর্তন আসছে।
আরু|



