বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ! বোমা হামলার হুমকির পর এবার নিজের বাড়ির বাইরে ভক্তদের সঙ্গে দেখা দিলেন বুলেটপ্রুফ কাচের বিশেষ নিরাপত্তা বেষ্টনীর ভেতর থেকে। তবে নিরাপত্তার এত কড়াকড়ির মধ্যেও ভক্তদের সঙ্গে দীর্ঘদিনের রোববারের সাক্ষাতের ঐতিহ্য ভাঙেননি এই বর্ষীয়ান অভিনেতা।
মুম্বাইয়ের জুহুতে অমিতাভ বচ্চনের বাসভবন ‘জলসা’। প্রতি রোববারই সেখানে ভিড় করেন অসংখ্য ভক্ত। দীর্ঘদিন ধরে বাড়ির বাইরে এসে হাত নেড়ে অনুরাগীদের শুভেচ্ছা জানান তিনি। গত ১ নভেম্বরও সেই রীতি বজায় রাখেন অমিতাভ। তবে এবার তাকে দেখা যায় স্বচ্ছ বুলেটপ্রুফ কাচের বিশেষ আবরণের ভেতরে দাঁড়িয়ে ভক্তদের অভিবাদন জানাতে। এ সময় তার পাশে ছিলেন ছেলে অভিষেক বচ্চন। চারপাশে ছিল নিরাপত্তারক্ষীদের কড়া নজরদারি।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ২৩ অক্টোবর মুম্বাইয়ের মেয়র ঋতু তাওড়ের কার্যালয়ে একটি হুমকিমূলক ই-মেইল আসে। ওই বার্তায় মেয়রের কার্যালয়, অমিতাভ বচ্চনের বাড়ি, গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্টের স্থান এবং কয়েকটি স্কুলে হামলার হুমকি দেওয়া হয়। অমিতাভের জুহুর বাড়ি ‘জলসা’কে ৩১ অক্টোবর থেকে ২৭ নভেম্বরের মধ্যে লক্ষ্যবস্তু করার কথা উল্লেখ ছিল ওই ই-মেইলে।
ঘটনার পর মুম্বাই পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো সতর্ক অবস্থান নেয়। বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হলেও মেয়রের কার্যালয়ে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। হুমকির উৎস শনাক্ত ও বার্তার সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু করে পুলিশ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হুমকির তালিকায় থাকা স্থানগুলোতে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়।
এদিকে বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে টাইগার শ্রফকে ঘিরে সাম্প্রতিক গুলির ঘটনার পর। ১৮ অক্টোবর মুম্বাইয়ের জুহুতে তার গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনা ঘটে। পরবর্তী তদন্তে অমিতাভ বচ্চনসহ বলিউডের কয়েকজন শীর্ষ তারকার বাড়ির আশপাশে সন্দেহভাজনদের আগে থেকে নজরদারির তথ্যও সামনে আসে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এমন পরিস্থিতিতে অমিতাভের বাড়ির বাইরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বসানো হয়েছে ব্যারিকেড ও বিশেষ কাচের সুরক্ষাবেষ্টনী।
তবে নিরাপত্তার কঠোর বেষ্টনীও থামাতে পারেনি অমিতাভের সঙ্গে ভক্তদের কয়েক দশকের সম্পর্ক। চারপাশে সতর্কতার আবহ, সামনে স্বচ্ছ কাচের দেয়াল, তারপরও রোববারের সেই পরিচিত মুহূর্তে ভক্তদের অভিবাদন জানাতে হাজির হয়েছেন বলিউডের এই কিংবদন্তি।
আরু|



