আপনার পরিচিত সফল বা ব্যক্তিত্ববান কোনো মানুষের দিকে খেয়াল করলে দেখা যায়, তারা খুব কম সময়ই বিচলিত হন। যেকোনো কঠিন পরিস্থিতিতেও তারা উচ্চস্বরে কথা বলেন না বা হুট করে কোনো আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখান না। আপাতদৃষ্টিতে একে জন্মগত গুণ মনে হলেও, মনোবিদ ও বিশেষজ্ঞরা বলছেন—সব পরিস্থিতিতে শান্ত থাকতে পারা কোনো সহজাত বিষয় নয়, বরং এটি একটি দক্ষতা, যা চর্চার মাধ্যমে অর্জন করা সম্ভব।
দৈনন্দিন জীবনে ক্রুদ্ধ গ্রাহক, রাগী বস, পারিবারিক দ্বন্দ্ব, আর্থিক দুশ্চিন্তা বা একঘেয়েমিতে আমরা সবাই কম-বেশি মানসিক চাপের মুখোমুখি হই। তবে কিছু কৌশল অ্যাপ্লাই করলে যেকোনো ঝড়ের মধ্যেও নিজেকে স্থির রাখা সম্ভব।
সব পরিস্থিতিতে শান্ত থাকার এমনই ৩টি কার্যকরী উপায় নিচে আলোচনা করা হলো:
১. তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখানো থেকে বিরত থাকুন
যেকোনো চাপপূর্ণ পরিস্থিতিতে দ্রুততম প্রতিক্রিয়া সবসময় সেরা প্রতিক্রিয়া নাও হতে পারে। বেশির ভাগ মানুষ মানসিক চাপে থাকলে অন্যের কথা মন দিয়ে শোনে না, বরং অন্য ব্যক্তি কথা বলার সময়ই নিজের মনে পাল্টা জবাবের পরিকল্পনা করতে শুরু করে দেয়। তাড়াহুড়ো করে দেওয়া উত্তর বা প্রতিক্রিয়া অনেক সময় মূল সমস্যার চেয়ে বড় সমস্যা তৈরি করে।
তাই পরের বার কোনো চাপের মুখোমুখি হলে নিজের প্রতিক্রিয়াকে কিছুটা বিলম্বিত করুন। এর মানে এই নয় যে কঠিন পরিস্থিতি এড়িয়ে যাবেন; বরং এর অর্থ হলো আবেগ থেকে তথ্যকে আলাদা করার জন্য নিজেকে কিছুটা সময় দেওয়া। শান্ত স্বভাবের মানুষরা আবেগহীন নন, বরং তারা আবেগের দ্বারা নিয়ন্ত্রিত হন না।
২. অহংবোধ দূরে সরিয়ে সমস্যা সমাধানে মনোযোগ দিন
প্রতিটি আলোচনা বা তর্কে জেতার চেষ্টা না করে, আলোচনাকে ইতিবাচকভাবে এগিয়ে নেওয়ার দিকে মনোযোগ দেওয়া উচিত। অনেক সময় কোনো সহকর্মী আইডিয়ার সমালোচনা করলে বা বন্ধু দ্বিমত পোষণ করলে আমাদের অহং বা ‘ইগো’তে আঘাত লাগে। ফলে আমাদের লক্ষ্য সমস্যা সমাধান থেকে সরে গিয়ে আত্মরক্ষায় পরিণত হয়।
তর্কে জিতলেই সবসময় জীবন সহজ হয় না। পারিবারিক বা পেশাদার সম্পর্কের ক্ষেত্রে তর্কে জিতেও সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। তাই নিজেকে একটি সহজ প্রশ্ন করুন—”আমি আসলে এখানে কী ফলাফল চাই? শান্তি, অগ্রগতি, নাকি কেবল নিজের বক্তব্য প্রমাণ করা?” যারা শান্ত থাকেন, তারা জয়ের চেয়ে কাঙ্ক্ষিত ফলাফলের ওপর বেশি মনোযোগ দেন।
৩. দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি রাখুন (দূরদর্শী হোন)
দিনের পরিবর্তে বছরের হিসাবে চিন্তা করার মানসিকতা তৈরি করতে হবে। অনেক মানুষ প্রতিটি ছোট ব্যর্থতা বা খারাপ মিটিংকে ক্যারিয়ারের বিপর্যয় হিসেবে দেখেন। কোনো প্রত্যাখ্যানকে মনে করেন পথের শেষ। কিন্তু বাস্তবতা হলো, বেশিরভাগ সমস্যাই সেই মুহূর্তে যতটা বড় মনে হয়, দীর্ঘমেয়াদে তা ততটা বড় নয়।
যেকোনো বড় চ্যালেঞ্জ বা হতাশার মুখোমুখি হলে নিজেকে জিজ্ঞাসা করুন—”আজ থেকে এক বছর পর কি এই সমস্যাটির কোনো গুরুত্ব থাকবে?” বেশিরভাগ সময়ই উত্তর আসবে ‘না’। এই দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি যেকোনো বর্তমান সংকটকে সঠিক দৃষ্টিকোণ থেকে দেখতে এবং আজকের হতাশাকে একটি বড় গল্পের ছোট অধ্যায় হিসেবে মেনে নিয়ে শান্ত থাকতে সাহায্য করে।
বিশেষজ্ঞদের মতে, যারা সব পরিস্থিতিতে শান্ত থাকেন, তারা যে চাপ অনুভব করেন না তা নয়। পার্থক্য হলো, তারা নিজেদের বুদ্ধি, ধৈর্য এবং অভিজ্ঞতা দিয়ে সেই চাপকে দক্ষতার সাথে সামলে নিতে পারেন। একটু সচেতন চেষ্টা আর নিয়মিত চর্চায় যে কেউ এই দক্ষতার অধিকারী হতে পারেন।
আরু/



