back to top

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

১ নভেম্বর থেকে সেন্টমার্টিন ভ্রমণ নিয়ে ফের অনিশ্চয়তা

নিজস্ব প্রতিবেদক
৩১ অক্টোবর ২০২৬ ৮:৩৫ পূর্বাহ্ণ

দীর্ঘ আট মাসের বেশি সময় পর্যটকশূন্য থাকার পর অবশেষে ১ নভেম্বর থেকে পর্যটকদের জন্য খুলছে দেশের একমাত্র প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিন। দৈনিক সাড়ে তিন হাজার পর্যটক ভ্রমণের সুযোগ, পুরো মৌসুমে রাতযাপনের অনুমতি সব মিলিয়ে দ্বীপজুড়ে ফিরেছে উৎসবের আমেজ। কিন্তু পর্যটন মৌসুম শুরুর ঠিক আগমুহূর্তে দেখা দিয়েছে নতুন অনিশ্চয়তা। জাহাজ চলাচলের প্রয়োজনীয় অনুমোদন, ট্রাভেল পাসের সফটওয়্যার চালু না হওয়া এবং প্রশাসনিক জটিলতায় নির্ধারিত সময়ে পর্যটক পরিবহন শুরু করা নিয়ে তৈরি হয়েছে সংশয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ১ নভেম্বর থেকে আগামী বছরের ১৫ মার্চ পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটকদের যাতায়াতের অনুমতি দিয়েছে সরকার। এবার দৈনিক সর্বোচ্চ দুই হাজারের পরিবর্তে সাড়ে তিন হাজার পর্যটক দ্বীপে যাওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে নভেম্বর থেকে মৌসুমের শেষ দিন পর্যন্ত পর্যটকদের দ্বীপে রাতযাপনের অনুমতিও দেওয়া হয়েছে। ফলে আগের বছরের তুলনায় ভ্রমণপ্রেমীদের জন্য সুযোগ বেড়েছে।

তবে দ্বীপের পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে প্রত্যেক পর্যটককে ১০০ টাকা পরিবেশ সংরক্ষণ ফি দিতে হবে। পাশাপাশি পরিবেশ রক্ষায় সরকারের নির্ধারিত বিধিনিষেধ মেনে চলতে হবে সবাইকে।

সরকারের এমন সিদ্ধান্তে আনন্দিত দ্বীপবাসী ও পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীরা। দীর্ঘদিন পর্যটক না থাকায় দ্বীপের হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁ ও পরিবহন ব্যবসায় স্থবিরতা তৈরি হয়েছিল। পর্যটন মৌসুম শুরুর খবরে এখন সেসব প্রতিষ্ঠান সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও নতুন করে প্রস্তুতির কাজে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা। অন্যদিকে পর্যটকেরাও শুরু করেছেন জাহাজের টিকিট বুকিং এবং হোটেল-রিসোর্টে কক্ষ সংরক্ষণের খোঁজখবর।

কিন্তু পর্যটকদের স্বাগত জানাতে সব প্রস্তুতি থাকলেও জাহাজ চলাচলের অনুমতি না মেলায় দেখা দিয়েছে জটিলতা। পর্যটক পরিবহনে সংশ্লিষ্ট একাধিক সরকারি দপ্তরের অনুমোদন এখনো সম্পন্ন হয়নি। পাশাপাশি বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ট্রাভেল পাস ও কিউআর কোডযুক্ত টিকিটের সফটওয়্যার চালু না হওয়ায় ভ্রমণপ্রক্রিয়াও শুরু করা যাচ্ছে না।

সী ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর জানান, সেন্টমার্টিন রুটে পর্যটক পরিবহনের জন্য এমবি কর্ণফুলি, বার আউলিয়া ও এমবি টেকনাফ এই তিনটি জাহাজ পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পেয়েছে। এসব জাহাজের মোট ধারণক্ষমতা প্রায় দুই হাজার ৩০০ জন।

তিনি জানান, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়া গেলেও নৌপরিবহন অধিদপ্তরের ভয়েস লাইসেন্স এখনো হাতে আসেনি। বিআইডব্লিউটিএর রুট পারমিট ও জাহাজ চলাচলের সময়সূচিও ঘোষণা করা হয়নি। পাশাপাশি কক্সবাজার জেলা প্রশাসনের স্থানীয় অনুমোদনও বাকি রয়েছে। ফলে প্রয়োজনীয় প্রস্তুতি থাকলেও ১ নভেম্বর থেকে পর্যটক পরিবহন শুরু করা কঠিন হয়ে পড়তে পারে।

সবচেয়ে বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে ট্যুরিজম বোর্ডের সফটওয়্যার। কারণ, এবারও সেন্টমার্টিনে যেতে পর্যটকদের অনলাইনে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে। কিন্তু এখনো সেই সফটওয়্যার চালু না হওয়ায় টিকিট বুকিং প্রক্রিয়া শুরু করা সম্ভব হচ্ছে না। তবে দু-এক দিনের মধ্যে সমস্যাগুলো সমাধানের আশা করছেন জাহাজ মালিকেরা।

কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাসনীম জাহান জানান, সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের জন্য পর্যটন বোর্ডসহ সংশ্লিষ্ট কয়েকটি সরকারি বিভাগের অনুমোদন প্রয়োজন। জাহাজ কর্তৃপক্ষ সব অনুমোদনের কাগজপত্র জমা দিলে স্থানীয় প্রশাসন হিসেবে জেলা প্রশাসন সর্বশেষ অনুমতি দেবে। প্রয়োজনীয় নথিপত্র পাওয়া গেলে দ্রুত অনুমোদন সম্পন্ন করা হবে।

অন্যদিকে, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী জানিয়েছেন, গত বছরের মতো এবারও ট্রাভেল পাস নিয়ে পর্যটকদের সেন্টমার্টিন যেতে হবে। এ জন্য প্রয়োজনীয় কারিগরি প্রস্তুতি চলছে। শিগগিরই জাহাজসংশ্লিষ্ট ব্যক্তি ও সহযোগী সংস্থাগুলোর সঙ্গে বৈঠক করে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।

এদিকে সেন্টমার্টিনে রাতযাপন নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তিও এরই মধ্যে দূর করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। প্রথম দিকে নভেম্বর মাসে শুধু দিনের বেলায় দ্বীপ ভ্রমণ করে একই দিনে ফিরে আসার নির্দেশনা থাকায় পর্যটক ও ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। গত বছরের ২২ অক্টোবর জারি করা প্রজ্ঞাপনে নভেম্বর মাসে রাতযাপনের সুযোগ না থাকলেও ডিসেম্বর ও জানুয়ারিতে ছিল সেই অনুমতি।

তবে গত ২৫ অক্টোবরের নির্দেশনায় বিষয়টি নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ার পর ২৭ অক্টোবর সংশোধিত সিদ্ধান্ত জানায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়। সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী, ১ নভেম্বর থেকে ১৫ মার্চ পর্যন্ত পুরো পর্যটন মৌসুমেই সেন্টমার্টিনে রাতযাপন করতে পারবেন পর্যটকেরা।

গত ২৯ অক্টোবর কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পর্যটনসংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে অনুষ্ঠিত আলোচনায় পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়জুল ইসলাম বলেন, পর্যটকদের জন্য দ্বীপ খুলে দেওয়ার খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। পর্যটক আসা শুরু হলে হোটেল, রিসোর্ট, রেস্তোরাঁসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান আবারও সচল হবে। বাড়বে স্থানীয় মানুষের কর্মসংস্থান ও আয়-রোজগারের সুযোগ। তবে নির্ধারিত সময়ে জাহাজ চলাচল শুরু না হলে ব্যবসায়ীরা হতাশ হবেন।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী জানান, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে কোস্টগার্ড, বিজিবি, নৌবাহিনী ও পুলিশ সতর্ক অবস্থানে থাকবে। পাশাপাশি দ্বীপের হোটেল ও রেস্তোরাঁগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করার বিষয়েও মালিকদের সঙ্গে আলোচনা হয়েছে। পর্যটন সেবা শুরুর আগেই প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে সেন্টমার্টিনের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এবারও বেশ কিছু বিধিনিষেধ কার্যকর থাকবে। রাতে সমুদ্রসৈকত ও আশপাশের এলাকায় আলো জ্বালানো, উচ্চ শব্দ সৃষ্টি এবং বারবিকিউ পার্টির আয়োজন করা যাবে না। কেয়াবনে প্রবেশ, কেয়া ফল সংগ্রহ, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। সামুদ্রিক কাছিম, পাখি, প্রবাল, শামুক, ঝিনুক, তারামাছ, রাজকাঁকড়া, সামুদ্রিক ঘাস ও শৈবালসহ দ্বীপের জীববৈচিত্র্যের ক্ষতি করা যাবে না। সৈকতে মোটরসাইকেল ও সি-বাইকের মতো যানবাহন চলাচলও নিষিদ্ধ থাকবে।

সব মিলিয়ে পর্যটকদের জন্য সেন্টমার্টিন ভ্রমণের সুযোগ বাড়লেও এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে প্রয়োজনীয় প্রশাসনিক অনুমোদন ও কারিগরি জটিলতা দূর করা। কারণ, পর্যটন মৌসুমের প্রথম কয়েকটি দিন পিছিয়ে গেলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন দ্বীপের হোটেল-রিসোর্ট মালিক, জাহাজ ব্যবসায়ী থেকে শুরু করে স্থানীয় ক্ষুদ্র ব্যবসায়ীরাও। তাই পর্যটন মৌসুমের শুরুতেই যেন অনিশ্চয়তা কাটিয়ে স্বাভাবিকভাবে জাহাজ চলাচল শুরু হয়, এখন সেই অপেক্ষায় পর্যটক ও দ্বীপবাসী।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

নদী থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির পাশের নদী থেকে আওয়ামী লীগের এক...

নাহিদ ইসলামের নেতৃত্বেই চলবে দেশ: নাসীরুদ্দীন পাটওয়ারী

আগামীর সরকার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বে এবং নাহিদ...

পাবনার বিলে বজ্রপাতের তাণ্ডব, একসঙ্গে ঝরে গেল ৬ প্রাণ

পাবনার বিলে মাছ ধরতে গিয়ে হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে...

১২ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান, প্রকাশ হচ্ছে এইচএসসি ফল

সারা দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ...

জয়ার সঙ্গ পেতে হলে দিতে হবে কফির বিল!

কফি খেতে চান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে? তাহলে...

নদী থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির পাশের নদী থেকে আওয়ামী লীগের এক...

নাহিদ ইসলামের নেতৃত্বেই চলবে দেশ: নাসীরুদ্দীন পাটওয়ারী

আগামীর সরকার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বে এবং নাহিদ...

পাবনার বিলে বজ্রপাতের তাণ্ডব, একসঙ্গে ঝরে গেল ৬ প্রাণ

পাবনার বিলে মাছ ধরতে গিয়ে হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে...

১২ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান, প্রকাশ হচ্ছে এইচএসসি ফল

সারা দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ...

জয়ার সঙ্গ পেতে হলে দিতে হবে কফির বিল!

কফি খেতে চান জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের সঙ্গে? তাহলে...

সর্বশেষ

নদী থেকে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির পাশের নদী থেকে আওয়ামী লীগের এক...

নাহিদ ইসলামের নেতৃত্বেই চলবে দেশ: নাসীরুদ্দীন পাটওয়ারী

আগামীর সরকার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতৃত্বে এবং নাহিদ...

পাবনার বিলে বজ্রপাতের তাণ্ডব, একসঙ্গে ঝরে গেল ৬ প্রাণ

পাবনার বিলে মাছ ধরতে গিয়ে হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে...

১২ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান, প্রকাশ হচ্ছে এইচএসসি ফল

সারা দেশের ১২ লাখ ৭০ হাজারেরও বেশি শিক্ষার্থীর দীর্ঘ...