জুলাই আন্দোলনকে অবমাননা ও সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামে এক নারীর বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অভিযোগটি তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার বিভাগে পাঠানো হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের প্রতিনিধিরা শাহবাগ থানায় লিখিত অভিযোগ জমা দেন। সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব আনম আয়াস, কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ আলম বাদশা এবং তুহিন ফরাজী অভিযোগপত্রে স্বাক্ষর করেন বলে জানা গেছে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, অভিযোগটি যেহেতু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্ট ও ভিডিওসংক্রান্ত, তাই যাচাই-বাছাই ও তদন্তের জন্য সেটি ডিবির সাইবার বিভাগে পাঠানো হয়েছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগপত্রে বলা হয়েছে, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগকে অবমাননা করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও আপত্তিকর বক্তব্য, পোস্ট এবং কর্মকাণ্ড পরিচালনা করা হয়েছে বলে অভিযোগকারীদের দাবি।
এছাড়া অভিযোগে উল্লেখ করা হয়, শান্তা ফারজানা নামে অভিযুক্ত এক নারী সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করার একটি ভিডিও প্রকাশ করেছেন, যা জনমনে ক্ষোভের সৃষ্টি করেছে বলে দাবি করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এটি প্রাথমিক অভিযোগ হিসেবে গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা ও প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।
আরু/


