চট্টগ্রামের আলোচিত ডেভিড ইমনকে দুটি হত্যা মামলায় মোট সাত দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে নগরীর বাকলিয়া থানার ডাবল মার্ডার মামলায় পাঁচ দিন এবং বায়েজিদ বোস্তামী থানার সরোয়ার বাবলা হত্যা মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস এম আলাউদ্দিন মাহমুদ ও মো. আলমগীর হোসেনের আদালত পৃথকভাবে এ আদেশ দেন।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার (প্রসিকিউশন) মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। রিমান্ড শুনানি উপলক্ষে বুধবার দুপুরে ডেভিড ইমনকে আদালতে হাজির করা হয়।
মামলার তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৩০ মার্চ চট্টগ্রামের বাকলিয়া এলাকায় একটি প্রাইভেটকার লক্ষ্য করে গুলি চালানো হয়। এতে দুজন নিহত হন। এ ঘটনায় দায়ের করা হত্যা মামলায় মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে প্রধান সমন্বয়ক ও অন্যতম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। এ মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অন্যদিকে, বায়েজিদ বোস্তামী থানায় দায়ের করা শীর্ষ সন্ত্রাসী সরোয়ার বাবলা হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
জানা গেছে, ডেভিড ইমন চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ মুছার ছেলে। তিনি পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলী ওরফে বড় সাজ্জাদের অনুসারী হিসেবে পরিচিত।
চলতি বছরের ২৯ জুলাই রাতে যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করে চট্টগ্রাম জেলা পুলিশ।
দুটি হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য আদালতের দেওয়া আদেশের পর এখন তদন্তে কী তথ্য উঠে আসে, সেদিকেই নজর সংশ্লিষ্টদের।



