আকিম উদ্দিন,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীতে অভিযান চালিয়ে কাভার্ড ভ্যানের ভিতর থেকে ১৩৫ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। গত সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নওগাঁ জেলার মান্দা থানাধীন ফতেপুর জয়বাংলা মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক আসামি হলেন– আব্দুল শুকুর (২৮)। তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া এলাকার বণী গ্রামের লিয়াকত আলীর ছেলে।
আজ বুধবার সকালে র্যাব-৫ এর অধিনায়কের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-৫ এর অধিনায়ক মুনীম ফেরদৌস।
র্যাব-৫ এর অধিনায়ক মুনীম ফেরদৌস জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে কাভার্ড ভ্যানে করে কুমিল্লা হতে রাজশাহী আসছে গাঁজার একটি চালান। সংবাদ পেয়ে র্যাবের গোয়েন্দা দল রাজশাহীর আমচত্ত্বরে অবস্থান নেয় এবং কাভার্ড ভ্যানটিকে অনুসরণ করতে থাকে। পরে নওগাঁ জেলার মান্দা থানাধীন ফতেপুর জয়বাংলা মোড় এলাকায় রাজশাহী-নওগাঁ মহাসড়কের ওপর র্যাবের টিম চেকপোস্ট পরিচালনা করে। চেকপোস্ট পরিচালনাকালে কাভার্ড ভ্যানটি সংকেত দিলে র্যাবের উপস্থিতি টের পেয়ে ২ জন মাদক ব্যবসায়ী দ্রুত পালানোর চেষ্টাকালে র্যাব একজনকে আটক করে।
মুনীম ফেরদৌস আরও জানান, আটক শুকুরের তথ্য অনুযায়ী ট্রাকের ভিতরে থাকা সাদা প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ১৩৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক ব্যক্তি ও পলাতক অজ্ঞাতনামা ব্যক্তি পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে গাঁজা অবৈধভাবে সংগ্রহ করে রাজশাহী ও নওগাঁ জেলার বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। এ ঘটনায় নওগাঁ জেলার মান্দা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


