back to top

শনিবার, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা, কলকাতায় জড়ো হচ্ছেন আ.লীগ নেতারা

নিজস্ব প্রতিবেদক
৭ নভেম্বর ২০২৬ ৯:০১ অপরাহ্ণ

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনাকে ঘিরে তৎপর হয়ে উঠেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। পশ্চিমা বিভিন্ন দেশে অবস্থানরত দলটির নেতারা ফিরতে শুরু করেছেন ভারতের কলকাতায়। হাসিনার সঙ্গে দেশে ফেরার প্রত্যাশায় সেখানে জড়ো হচ্ছেন তারা। 

অন্যদিকে, বিদেশে থাকা আরও কয়েক হাজার নেতাকর্মীও শেখ হাসিনার ফেরার দিন বাংলাদেশে আসার প্রস্তুতি নিচ্ছেন।

কলকাতায় দুই বছরের বেশি সময় ধরে অবস্থান করা আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর দুই সদস্য, একজন যুগ্ম সাধারণ সম্পাদক ও দুই সাংগঠনিক সম্পাদক বিষয়টি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে টাইমস অব বাংলাদেশ।

বুধবার অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা আবারও ডিসেম্বরে দেশে ফেরার ইচ্ছার কথা জানিয়েছেন।

তিনি বলেন, দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করা হতে পারে, এমনকি মৃত্যুদণ্ডও কার্যকর হতে পারে। তবে এমন পরিণতির মুখোমুখি হতে হলেও তিনি প্রস্তুত।

নিরাপত্তার জন্য ভারত কিংবা যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাইবেন কি না, এমন প্রশ্নের জবাবে শেখ হাসিনা জানান, কোনো বিদেশি শক্তির কাছে তিনি সহায়তা চাননি।

আওয়ামী লীগের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নভেম্বরের মাঝামাঝি অথবা মাসের শেষ দিকে পশ্চিমা গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করতে পারেন শেখ হাসিনা। লন্ডনে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি যুক্ত হবেন। সেখান থেকেই দেশে ফেরার তারিখ ও পরিকল্পনার রূপরেখা ঘোষণা করার সম্ভাবনা রয়েছে। এ ঘোষণার অপেক্ষায় রয়েছেন দলটির নেতাকর্মীরা।

লন্ডনে অবস্থানরত আওয়ামী লীগের এক নেতা জানিয়েছেন, সংবাদ সম্মেলনের প্রস্তুতি শেষ হলে আগামী সপ্তাহে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

কলকাতায় জড়ো হচ্ছেন কেন্দ্রীয় ও জ্যেষ্ঠ নেতারা

সম্প্রতি পশ্চিমা বিভিন্ন দেশ থেকে কলকাতায় ফিরেছেন আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা। সেখানে আগে থেকেই অবস্থান করা জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়মিত বৈঠক করছেন তারা। পাশাপাশি অংশ নিচ্ছেন একাধিক সাংগঠনিক সভায়।

এসব বৈঠকে সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, জাহাঙ্গীর কবির নানক, এ কে এম মোজাম্মেল হক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া; যুগ্ম সাধারণ সম্পাদক এ এফ এম বাহাউদ্দিন নাছিম; সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল; মির্জা আজম; সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী, সুজিত রায় নন্দী এবং কেন্দ্রীয় নেতা শেখ হেলাল উদ্দিন অংশ নিচ্ছেন।

এ ছাড়া সাবেক সংসদ সদস্য মৃণাল কান্তি দাস, অসীম কুমার উকিল, আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ও নিজাম উদ্দিন হাজারীও এসব বৈঠকে রয়েছেন। সেখানে দলের বিভিন্ন সাংগঠনিক কর্মসূচি নিয়ে আলোচনা হচ্ছে।

সম্প্রতি কলকাতায় পৌঁছেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান, সাবেক মন্ত্রী ও সাবেক সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, নারায়ণগঞ্জের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত সিকদার।

আবদুর রহমান বলেন, ‘সবাই সেখানে অবস্থান করছেন। নেত্রীর দেশে ফেরার সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।’

খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বিদেশে থাকা কয়েক হাজার নেতাকর্মী একসঙ্গে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। সবাই শেখ হাসিনার ঘোষণার অপেক্ষায় রয়েছেন।

অন্যদিকে, শামীম ওসমান বলেন, দেশের মানুষ শেখ হাসিনাকে চায় এবং তার ফেরার অপেক্ষায় রয়েছে। হাজার হাজার নেতাকর্মী ও সমর্থককে সঙ্গে নিয়ে তিনি দেশে ফিরবেন। এ জন্য সবাই এক জায়গায় জড়ো হচ্ছেন এবং প্রস্তুতি নিচ্ছেন।

সহযোগী সংগঠনের শীর্ষ নেতারাও কলকাতায়

শেখ হাসিনার দেশে ফেরাকে কেন্দ্র করে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর শীর্ষ নেতারাও কলকাতায় অবস্থান করছেন।

বৈঠকগুলোতে যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল অংশ নিচ্ছেন। ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানও রয়েছেন তাদের সঙ্গে।

দলীয় কর্মসূচি ও সাংগঠনিক তৎপরতা নিয়ে এসব নেতার মধ্যে আলোচনা চলছে। তাদের পাশাপাশি বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও কলকাতায় অবস্থান করছেন।

বিভিন্ন দেশে অবস্থান করছেন আরও যেসব নেতা

আওয়ামী লীগের আরও বেশ কয়েকজন নেতা বর্তমানে বিভিন্ন দেশে অবস্থান করছেন। সাবেক মন্ত্রী এস এম রেজাউল করিম লন্ডন ও কলকাতার মধ্যে যাতায়াত করছেন। সাবেক মন্ত্রী এনামুল হক শামীম, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম এবং সাবেক মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত রয়েছেন যুক্তরাষ্ট্রে।

সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন অবস্থান করছেন লন্ডনে। হাসান মাহমুদ চৌধুরী রয়েছেন বেলজিয়ামে এবং নসরুল হামিদ বিপু থাইল্যান্ডে। দলীয় সূত্রের দাবি, তারাও যেকোনো সময় কলকাতায় ফিরতে পারেন।

এর আগে নেপালে অবস্থান করা আওয়ামী লীগের নেতারা বিভিন্ন সমস্যার কারণে সেখান থেকে ভারতসহ অন্যান্য দেশে চলে যান। তারাও কলকাতা হয়ে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন বলে জানা গেছে।

পাসপোর্ট বা ট্রাভেল পাস দেবে না সরকার, বিকল্প ব্যবস্থার কথা নেতাদের

শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে সরকারের এক ঘোষণায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, সরকার শেখ হাসিনাকে কোনো ট্রাভেল পাস বা পাসপোর্ট দেবে না।

সরকারের এমন অবস্থানের পর পাসপোর্ট কিংবা ট্রাভেল পাস ছাড়া কীভাবে দেশে ফিরবেন শেখ হাসিনা, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে আওয়ামী লীগের নেতারা বলছেন, দেশে ফেরার বিকল্প ব্যবস্থা তাদের রয়েছে। যদিও সেই ব্যবস্থা কী, তা প্রকাশ করতে রাজি হননি তারা।

লন্ডনে অবস্থানরত সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী জানিয়েছেন, সরকার পাসপোর্ট বা ট্রাভেল পাস না দিলেও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন। তার ফেরার পথে বাধা দেওয়া হলে সরকার অস্তিত্ব সংকটে পড়বে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

দেশে থাকা নেতাকর্মীদের রাজপথে নামার নির্দেশ

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি বিভিন্ন জেলার অনেক নেতাকর্মীও বর্তমানে কলকাতায় অবস্থান করছেন। দলটির কয়েক শ নেতাকর্মী ইতিমধ্যে বাংলাদেশে ফিরে এসেছেন। তারা প্রকাশ্যে না এসে গোপনে সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়নের কাজ করছেন বলে জানা গেছে। নিজ নিজ এলাকার কর্মীদের সঙ্গে অনলাইনে যোগাযোগ রেখে প্রয়োজনীয় নির্দেশনাও দিচ্ছেন তারা।

দলটির কেন্দ্রীয় নেতৃত্ব দেশে থাকা নেতাকর্মীদের শেখ হাসিনার দেশে ফেরার দিন একযোগে রাজপথে নামার নির্দেশ দিয়েছে। তবে এ কর্মসূচির বিস্তারিত পরিকল্পনা এখনো প্রকাশ করা হয়নি। কয়েকজন জেলা পর্যায়ের নেতা জানিয়েছেন, শেখ হাসিনা নিজেই এ বিষয়ে বিস্তারিত ঘোষণা দেবেন।

এদিকে, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সদস্যরা অনলাইনে সক্রিয় রয়েছেন। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের চেষ্টা, পুলিশের ওপর হামলা, ককটেল বিস্ফোরণ এবং পোশাকশ্রমিকদের আন্দোলনে উসকানিসহ বিভিন্ন কর্মকাণ্ডে তাদের জড়িত থাকার অভিযোগ রয়েছে।

আরু|

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

প্রাথমিক শিক্ষার মান বদলাতে বিশ্বব্যাংকের ৩০ কোটি ডলারের প্রকল্প

বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন এবং শিশুদের...

পৃথিবীর মহাকর্ষে ধরা পড়ল নতুন ‘মিনি চাঁদ’

পৃথিবীর আকাশে চাঁদ তো একটাই, তবে এবার সেই চাঁদের...

নারী ক্রিকেটারদের জন্য সুখবর

মা হওয়ার কারণে যেন থেমে না যায় ক্রিকেট ক্যারিয়ার...

বাংলাদেশকে আর তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

ভবিষ্যতে কেউ যেন বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার হরণ...

পরীমনির পর এবার মুখ খুললেন প্রভা

পরীমনির ‘ব্যাড টাচ’ বিতর্কে এবার মুখ খুললেন অভিনেত্রী সাদিয়া...

প্রাথমিক শিক্ষার মান বদলাতে বিশ্বব্যাংকের ৩০ কোটি ডলারের প্রকল্প

বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন এবং শিশুদের...

পৃথিবীর মহাকর্ষে ধরা পড়ল নতুন ‘মিনি চাঁদ’

পৃথিবীর আকাশে চাঁদ তো একটাই, তবে এবার সেই চাঁদের...

নারী ক্রিকেটারদের জন্য সুখবর

মা হওয়ার কারণে যেন থেমে না যায় ক্রিকেট ক্যারিয়ার...

বাংলাদেশকে আর তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

ভবিষ্যতে কেউ যেন বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার হরণ...

পরীমনির পর এবার মুখ খুললেন প্রভা

পরীমনির ‘ব্যাড টাচ’ বিতর্কে এবার মুখ খুললেন অভিনেত্রী সাদিয়া...

সর্বশেষ

প্রাথমিক শিক্ষার মান বদলাতে বিশ্বব্যাংকের ৩০ কোটি ডলারের প্রকল্প

বাংলাদেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন এবং শিশুদের...

পৃথিবীর মহাকর্ষে ধরা পড়ল নতুন ‘মিনি চাঁদ’

পৃথিবীর আকাশে চাঁদ তো একটাই, তবে এবার সেই চাঁদের...

নারী ক্রিকেটারদের জন্য সুখবর

মা হওয়ার কারণে যেন থেমে না যায় ক্রিকেট ক্যারিয়ার...

বাংলাদেশকে আর তাঁবেদার রাষ্ট্র হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

ভবিষ্যতে কেউ যেন বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও জনগণের অধিকার হরণ...