চট্টগ্রাম নগর বিএনপির ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আয়োজিত প্রচারণা কর্মসূচিতে বেজে উঠল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লেখা ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গান। এ ঘটনার ৩৬ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে আলোচনা।
শনিবার (৭ নভেম্বর) জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকায় মাইকে দলীয় গান ও ভাষণ প্রচারের কর্মসূচি নেয় নগর বিএনপি। সকাল থেকেই নগরের আগ্রাবাদ এলাকায় মাইকে গান প্রচার করা হচ্ছিল। একপর্যায়ে সেখানে বেজে ওঠে শেখ হাসিনাকে নিয়ে লেখা আলোচিত গানটি।
ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মাইকে ‘বঙ্গবন্ধুর কন্যা তুমি বাংলাদেশের নেতা’ গানটি বাজছে। এ সময় পাশের সড়ক দিয়ে রিকশা, অটোরিকশা, সাইকেলসহ বিভিন্ন যানবাহন চলাচল করছিল।
ঘটনাটি নিয়ে বিএনপি নেতারা জানিয়েছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গান বাজানোর ভিডিওটি তাদের নজরে এলেও কারা এটি বাজিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানা নেই।
চট্টগ্রাম নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত শওকত আজম খাজা গণমাধ্যমকে বলেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নগরের বিভিন্ন এলাকায় মাইকে দলীয় গান ও ভাষণ প্রচারের কর্মসূচি ছিল। আগ্রাবাদে কর্মসূচির মধ্যে অন্য দলের গান বাজানোর একটি ভিডিও তার নজরে এসেছে। তবে কারা গানটি বাজিয়েছেন, তা এখনো নিশ্চিত হতে পারেননি তিনি।
অন্যদিকে, ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ ফয়সাল জানান, গান বাজানোর ভিডিওটি পুলিশের নজরে আসার পর ঘটনাস্থলে গিয়ে কর্মসূচির আয়োজকদের সঙ্গে কথা বলা হয়েছে।
আয়োজকেরা পুলিশকে জানিয়েছেন, ইউটিউব থেকে দলীয় গান প্রচার করা হচ্ছিল। একের পর এক গান চলার মধ্যেই অসতর্কতাবশত একপর্যায়ে ওই গানটি বেজে ওঠে। তবে বিষয়টি বুঝতে পেরে দ্রুত গানটি বন্ধ করে দেওয়া হয়। ইচ্ছাকৃতভাবে গানটি বাজানো হয়নি বলেও আয়োজকেরা জানিয়েছেন।
বিএনপির দিবসকেন্দ্রিক প্রচারণায় শেখ হাসিনাকে নিয়ে লেখা গান বেজে ওঠার ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে আলোচনা তৈরি হয়েছে।
আরু|



