মানিকগঞ্জ আঞ্চলিক প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে প্রতারণার মাধ্যমে নকল স্বর্ণ মুদ্রা বিক্রয়কারী প্রতারক চক্রের ৩ সদস্য এবং ওয়ারেন্টভুক্ত ও নিয়মিত মামলার ৩ আসামীসহ ৬ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এ সময় দৌড়ে পালিয়ে গেছে প্রতারক চক্রের এক সদস্য।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন সিংগাইর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ জিয়ারুল ইসলাম। এর আগে বুধবার হেমায়েতপুর-সিংগাইর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের ফোর্ডনগর সংযোগ সড়কের মোড়ে খান ফুড রেস্টুরেন্টের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয় ।
নকল মুদ্রা বিক্রয়র সঙ্গে জড়িত গ্রেফতারকৃত প্রতারক চক্রের সদস্যরা হলেন-গোপালগঞ্জ জেলার মোকসুদপুর থানার পশ্চিম নওখন্ডা গ্রামের মৃত.আলা মিয়ার ছেলে বিল্লাল(৩৮), মোসলেম খানের ছেলে রিপন খান(৪০),বাগেরহাট জেলার শরন খোলা থানার মধ্য খোন্তাকাটা গ্রামের আহমেদ গাজীর ছেলে আবজাল গাজী(৪১)। অন্য আসামীরা হলেন- সিংগাইর উপজেলার রায়দক্ষিন পূর্বপাড়া গ্রামের সফি মোল্লার ছেলে আনোয়ার (৪৫),গাজিন্দা গ্রামের আয়ূব আলীর ছেলে আবুল কালাম(৩৬) ও রসুলপুর গ্রামের মৃত.ছালামের ছেলে জাহাংগীর (৩৫)।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার চর লক্ষীপুর গ্রামের আনোয়ার হোসেনকে প্রতারকচক্র বিভিন্ন সময় ফোন করে স্বর্নের কয়েনের লোভ দেখায়। তারই ধারাবাহিকতায় গত বুধবার প্রতারক চক্র ভিকটিমকে ঘটনাস্থলে ডেকে নেন। এসময় সেম্পল হিসেবে তারা তাকে একটি স্বর্ণের কয়েন বের করে দেখায়। এরপর ৩টি ব্যাগে এক হাজার পিচ খাটি স্বর্ণের কয়েনের কথা বলে প্রতারক চক্র টাকা চায়। টাকা দেওয়ার আগ মূহুর্তে কয়েন গুলো সম্পর্কে সন্দেহ হলে ভিকটিম আশেপাশে থাকা লোকজন ডেকে আনেন। উপস্থিত লোকজন কয়েনগুলি দেখে পিতলের কয়েন হিসেবে সনাক্ত করেন। পরে স্থানীয়রা তাদের আটক করে পুলিশ খবর দেয়। থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে।
এ ছাড়াও বুধবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ২ জন ওয়ারেন্ট ভুক্ত ও ১জন নিয়মিত মামলার আসামী আটক করেন পুলিশ।
এ ব্যাপারে সিংগাইর থানার অফিসার ইনচার্জ মো.জিয়ারুল ইসলাম জানান, প্রতারক চক্রের সদস্যদের বিরুদ্ধে মামলা রুজুসহ মোট ৬ জন আসামীকে বৃহস্পতিবার দুপুরে আদালতে সোর্পাদ করা হয়েছে।


