চাঁদপুরে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে নির্মিত ‘৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দুর্বৃত্তদের দেওয়া আগুনে স্মৃতিস্তম্ভের বেদির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
শুক্রবার (৬ নভেম্বর) শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন দুর্বৃত্ত স্মৃতিস্তম্ভের বেদির নিচে পেট্রোল ও টায়ার ব্যবহার করে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বালানোর পরপরই তারা ঘটনাস্থল থেকে দ্রুত সরে যায়।
পরে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে স্মৃতিস্তম্ভের নিচের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীরা স্মৃতিস্তম্ভটি পরিদর্শন করেন। এদিকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। দুর্বৃত্তরা স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতি ও শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে এমন অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
আরু|



