চট্টগ্রাম নগরের দুটি সরকারি কার্যালয় লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় যুবলীগ ও ছাত্রলীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে নগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত আলী।
পুলিশ কমিশনার জানান, বৃহস্পতিবার রাতে নগরের ষোলশহরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কার্যালয় এবং চান্দগাঁও ভূমি কার্যালয় লক্ষ্য করে ফ্লাইওভারের ওপর থেকে পেট্রলবোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। ঘটনার পরপরই অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে দুটি সরকারি কার্যালয়ের সামনে মোট তিনটি পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। এর মধ্যে এলজিইডি কার্যালয়ের সামনে পড়া পেট্রলবোমাগুলো ভেঙে গেলেও সেগুলো থেকে আগুনের সূত্রপাত হয়নি।
অন্যদিকে, চান্দগাঁও ভূমি কার্যালয়ের সামনে পড়া একটি পেট্রলবোমায় আগুন জ্বলে ওঠে। তবে প্রায় ৮ থেকে ১০ সেকেন্ড জ্বলার পর আগুন নিভে যায়।
ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার ও জড়িতদের শনাক্তে তদন্ত চালাচ্ছে পুলিশ। গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।
আরু|



