kbctgbd
১২ নভেম্বর ২০২৪ ১০:৫২ পূর্বাহ্ণ
মোনতাহেরুল হক আমিন,বাঁশখালী প্রতিনিধিঃ
বাঁশখালীর শীলকূপ টাইমবাজার ও চাম্বল বাজারের যানজট নিরসনে ফুটপাত দখলমুক্ত করতে ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে প্রশাসনকে স্মারকলিপি দিয়েছে ছাত্রজনতা। সোমবার (১১ নভেম্বর) দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিলুপ্ত কমিটির দক্ষিণ জেলা সমন্বয়ক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র সদস্য মুহাম্মদ নিজাম উদ্দিনের নেতৃত্বে ছাত্রজনতার একটি প্রতিনিধি দল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: জসিম উদ্দিনের স্মারকলিপি হস্তান্তর করেন। এসময় আইআইইউসির শিক্ষার্থী ও বাঁশখালী স্টুডেন্ট এসোসিয়েশনের সভাপতি মুহাম্মদ এনাম, বিশিষ্ট ব্যবসায়ী মো: শামসুল ইসলাম, মো: মিনহাজ উদ্দীন, মো: জিসান, মো: এমদাদুর রশিদ, মো: সাইদ, আবু তাহের, মো: শোয়েব, মো: দেলাওয়ার হোসেন, মো: রাকিব, মো: আরাফাত, মো: মনির হোসেন, মো: মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে বলা হয়, বাঁশখালীর শীলকূপ টাইম বাজার ও চাম্বল বাজারে বৈদ্যুতিক খুটি, সড়কের পাশে বড় গাছ, অবৈধ দখলদার এবং সড়কের উপর দোকান ও বাজার বসানোর কারণে বাঁশখালী প্রধান সড়কে ঘন্টার পর ঘন্টা যানজট লেগে থাকে। এতে করে সাধারণ মানুষ ও যাত্রীদের অবর্ননীয় দূর্ভোগ পোহাতে হয়। তারা জনদুর্ভোগ লাগবে অবিলম্বে সড়কের উপর থেকে দোকানপাট সরানো, অবৈধ দখলদার উচ্ছেদ এবং সড়কের পাশের বৈদ্যুতিক খুটি এবং বড় গাছ সরিয়ে নিতে উদ্যোগ গ্রহণে প্রশাসনের প্রতি দাবি জানান।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।