- গণতান্ত্রিক ধারা অব্যাহত রেখে খুব দ্রুত নির্বাচনের আহ্বান বিশ্বের বিভিন্ন দেশের
- অন্তর্বর্তী সরকার গঠনকে স্বাগত জানিয়ে সেনাবাহিনীকে ধৈর্য ধরার জন্য প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র
ছাত্র-জনতার গণ-আন্দোলনে এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে একটি হেলিকপ্টারে গণভবন ছাড়েন শেখ হাসিনা। সঙ্গে তার ছোট বোন শেখ রেহানাও ছিলেন।
শেখ হাসিনার পদত্যাগের খবর বাংলাদেশের গণমাধ্যমে আসার পাশাপাশি বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব সহকারে প্রকাশ হয়েছে। তার পদত্যাগের খবরে প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বের অনেক দেশ।
- যুক্তরাজ্য
এক বিবৃতিতে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের মুখপাত্র বলেছেন, তার কার্যালয় বাংলাদেশে সহিংসতা এবং ছাত্র, শিশু এবং আইন প্রয়োগকারী কর্মকর্তাদেরসহ উল্লেখযোগ্য প্রাণহানির কারণে উদ্বিগ্ন। এছাড়া এত প্রাণহানী সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য বলেও জানানো হয় বিবৃতিতে।
বিবৃতিতে মুখপাত্র আরও জানিয়েছেন, “শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকারকে অবশ্যই সুরক্ষিত রাখতে হবে এবং কখনোই সহিংসতা করা যাবেনা। আমরা কর্তৃপক্ষকে সব শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের মুক্তি দেওয়ার জন্য এবং অভিযুক্ত ও বিচারের জন্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা নিশ্চিত করার জন্য আহ্বান জানাই।
- জার্মানি
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, বাংলাদেশের অস্থিরতার মধ্যে দেশটির গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখা খুবই গুরুত্বপূর্ণ।
- ইউরোপীয় ইউনিয়ন
শেখ হাসিনার পদত্যাগের পর উদ্ভূত পরিস্থিতিতে বাংলাদেশে গণতান্ত্রিক শাসনের মাধ্যমে শৃঙ্খল ও শান্তিপূর্ণ উত্তরণের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
ইইউর পররাষ্ট্র নীতি প্রধান জোসেপ বোরেল বলেন, ‘বাংলাদেশের জনগণকে শান্ত ও সংযমের আহ্বান জানাচ্ছি। বর্তমানে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার এবং একটি সুশৃঙ্খল-শান্তিপূর্ণ উত্তরণ নিশ্চিত করা খুবই প্রয়োজন।
- যুক্তরাষ্ট্র
বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণাকে স্বাগত জানিয়ে দেশের সেনাবাহিনীকে ধৈর্য ধরার জন্য প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র।মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন মুখপাত্র বলেন, ‘ওয়াশিংটন একটি অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে।‘
অন্যদিকে হোয়াইট হাউসও বাংলাদেশে গণতান্ত্রিক অধিকারকে সম্মান করার আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেন, “আমরা অন্তর্বর্তী সরকার গঠন গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হওয়ার আহ্বান জানাই।
মুখপাত্র আরও বলেন, ‘তারা আজ যে সংযম দেখিয়েছে তার জন্য আমরা সেনাবাহিনীর প্রশংসা করি।‘ইউএস সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা চাক শুমার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলেন, বৈধ প্রতিবাদের প্রতি প্রধানমন্ত্রী হাসিনার সহিংস প্রতিক্রিয়া তার অব্যাহত শাসনকে অকার্যকর করে তুলেছে।‘
তিনি আরও বলেন, ‘আমি সাহসী বিক্ষোভকারীদের সাধুবাদ জানাই এবং নিহতদের হত্যার বিচার দাবি করি। দেশের জনগণের অধিকারকে সম্মান জানিয়ে ভারসাম্যপূর্ণ অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করা এবং দ্রুত গণতান্ত্রিক নির্বাচন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে।”
- শ্রীলংকা
শেখ হাসিনার পদত্যাগের বিষয়ে শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী আলি সাবরি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে বলেন, “আমরা বাংলাদেশী জনগণের স্থিতিস্থাপকতা এবং ঐক্যে বিশ্বাস করি। খুব দ্রুত দেশটিতে শান্তি ও স্থিতিশীলতার দ্রুত প্রত্যাবর্তনের আশা করি।”
তিনি আরো বলেন, “বাংলাদেশের জনগণ এই চ্যালেঞ্জগুলোকে অতিক্রম করার শক্তি খুঁজে পাবে এবং আরও শক্তিশালী হয়ে উঠবে।”
- রাশিয়া
বাংলাদেশের চলমান পরিস্থিতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে যে, “মস্কো তার বন্ধুত্বপূর্ণ দেশ বাংলাদেশে সাংবিধানিক নিয়মে অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়াগুলি দ্রুত প্রত্যাবর্তনের আশা করে।”



