ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট চাওয়ার সিদ্ধান্তকে বড় ধরনের রাজনৈতিক ভুল বলে মন্তব্য করেছেন বিশিষ্ট আইনজ্ঞ ও সাবেক উপদেষ্টা ড. আসিফ নজরুল। তাঁর মতে, পাসপোর্ট ছাড়াই শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর সুযোগ রয়েছে। বরং নতুন পাসপোর্ট চাওয়ার মাধ্যমে তিনি ভারত থেকে দেশে ফেরার পথ আরও সহজ করে দিয়েছেন।
সোমবার (৯ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন ড. আসিফ নজরুল।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, শেখ হাসিনা বাংলাদেশে আসার জন্য পাসপোর্ট চেয়েছেন। এর মধ্য দিয়ে তিনি নিজেই স্বীকার করছেন যে, দেশে ফিরে বিচারের মুখোমুখি হওয়ার মতো পরিস্থিতি এখন রয়েছে।
তবে শেখ হাসিনা একজন দণ্ডিত অপরাধী হওয়ায় তাঁর দেশে ফেরার ক্ষেত্রে পাসপোর্টের প্রয়োজন নেই বলে উল্লেখ করেন আসিফ নজরুল।
তিনি জানান, শেখ হাসিনাকে দণ্ডিত অপরাধী হিসেবে প্রত্যর্পণের জন্য বাংলাদেশ সরকার ইতোমধ্যে ভারতকে চিঠি দিয়েছে। ফলে নতুন পাসপোর্ট নিয়ে নয়, বরং দণ্ডিত অপরাধী হিসেবেই তাঁকে বাংলাদেশে ফিরতে হবে।
আসিফ নজরুলের ভাষ্য, ভারত সরকার চাইলে শেখ হাসিনাকে গ্রেপ্তার করে যেকোনো সময় বাংলাদেশের কাছে হস্তান্তর করতে পারে।
এদিকে শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার বিষয়টি আন্তর্জাতিক ও কূটনৈতিক পর্যায়ে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী করেছে বলেও মনে করেন তিনি। তাঁর মতে, বাংলাদেশ সরকার এখন বলতে পারবে, দেশে ন্যায়বিচারের পরিবেশ রয়েছে বলেই শেখ হাসিনা নিজেই দেশে ফেরার উদ্যোগ নিয়েছেন।
ফলে বিচার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এমন অজুহাতে শেখ হাসিনাকে ফেরত না দেওয়ার যুক্তি ভারতের জন্য আর গ্রহণযোগ্য থাকবে না বলে মন্তব্য করেন সাবেক এই উপদেষ্টা।
পোস্টের শেষাংশে শেখ হাসিনাকে উদ্দেশ করে আসিফ নজরুল লেখেন, “শেখ হাসিনা, আপনি ভুল করেছেন। দেশে ফিরবেন না, এটা সবাই বোঝে। শুধু শুধু দলের সাধারণ নেতা-কর্মীদের বিপদ বাড়াচ্ছেন।”
সব মিলিয়ে শেখ হাসিনার নতুন পাসপোর্টের আবেদনকে কেন্দ্র করে রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার মধ্যে আসিফ নজরুলের এই বক্তব্য নতুন মাত্রা যোগ করেছে।
আরু|



