ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদনের খবর প্রকাশ্যে আসতেই রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। এবার এ নিয়ে কড়া মন্তব্য করেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘পাসপোর্ট লাগবে না আপা। বিমানে নয়, খাঁচায় আসতে হবে। আর সেটা রেডি আছে।’
এর আগে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের জন্য আবেদন করেছেন শেখ হাসিনা। সোমবার আইনজীবীর মাধ্যমে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে। রয়টার্স জানিয়েছে, তাদের হাতে আসা ওই চিঠিতে আবেদনটির বিষয়টি উল্লেখ রয়েছে।
শেখ হাসিনার লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে দেওয়া চিঠিতে জানান, অন্তর্বর্তী সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার আগের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন। এ অবস্থায় নতুন করে বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়েছেন তারা।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়েছেন শেখ হাসিনা। তার দেশে ফেরার তারিখ প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর জানানো হবে বলে আওয়ামী লীগ নেতাদের বরাত দিয়ে জানিয়েছে সংবাদমাধ্যমটি। সম্ভাব্য প্রত্যাবর্তনের সময় হিসেবে ডিসেম্বরের কথাও উঠে এসেছে প্রতিবেদনে।
তবে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে সরকারের অবস্থান এখনো চূড়ান্ত নয়। সোমবার স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ জানিয়েছেন, আবেদনটির সত্যতা, যথাযথ প্রক্রিয়ায় তা জমা দেওয়া হয়েছে কি না এবং আইনগতভাবে শেখ হাসিনা এসব নথি পাওয়ার অধিকারী কি না, তা যাচাই করছে পররাষ্ট্র ও আইন মন্ত্রণালয়। এ বিষয়ে পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন ও এনআইডি-সংক্রান্ত বিধান পর্যালোচনা করা হবে।
অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, সাজাপ্রাপ্ত শেখ হাসিনাকে পাসপোর্ট দেওয়া হবে না। ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে আনার অবস্থান জানিয়েছে সরকার।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে চলে যান শেখ হাসিনা। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। তবে ভারত থেকে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলটির অনেক নেতা-কর্মী কারাগারে রয়েছেন, আবার অনেকে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন।
দুই বছরের বেশি সময়ের রাজনৈতিক অস্থিরতার পর দেশে স্থিতিশীলতা ফেরানোর চেষ্টা করছে বর্তমান সরকার। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন নতুন করে রাজনৈতিক ও কূটনৈতিক উত্তেজনা তৈরি করতে পারে বলে মনে করছে রয়টার্স।
আরু|



