চবি প্রদায়কঃ
‘নিজেদের স্বার্থে প্রকৃতি বাঁচাই’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ‘বিচ্ছু ওয়াইল্ড সেভার অ্যালায়েন্স’ এর আয়োজনে সেমিনার এবং বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮মে) ফটিকছড়ির হেয়াকো বনানী উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মির্জা বখতিয়ারের সভাপতিত্ব ও সাবিরা আহমেদ সারার সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ বিদ্যালয় পরিদর্শক মোঃ আবুল বাসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেয়াকো বনানী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আমির হোসেন,বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য রশিদ সরকার,অভিভাবক সদস্য হাজী শফিউল আলম।
আরো উপস্থিত ছিলেন বিচ্ছুর প্রতিষ্ঠাতা আবদুল্লাহ আল আশেক, গ্রীন ভয়েসের কেন্দ্রীয় সদস্য আহমেদ হানিফ ও বিচ্ছুর সদস্য জহির রায়হান, সায়েমা জাহান, চৌধুরী কাউছার, কামরুল হাসান এবং ফজলুর রহমান,কো অর্ডিনেটর মো. শিহার নেওয়াজ এবং সাব্বির নুর।
সেমিনারে বক্তরা বন্যপ্রাণী সংরক্ষণের উপর জোর দিয়ে নানা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন,পরিবেশের উপর বন্যপ্রাণীর নানা অবদান,কেন বন্যপ্রাণী সংরক্ষণ জরুরী তা আলোচনার মাধ্যমে উপস্থাপন করেন।
এসময় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ বিদ্যালয় পরিদর্শক মোঃ আবুল বাসার বলেন, জীববৈচিত্র্য রক্ষায় বন্যপ্রাণীর গুরুত্ব অনেক। বন্যপ্রাণী বিপন্ন হলে আমাদের অস্তিত্ব বিপর্যস্ত হবে, তাই আমাদের অস্তিত্বের স্বার্থেই বন এবং বন্যপ্রাণী রক্ষা করতে হবে। আর এ কাজে সকলকে সচেতন হওয়া জরুরি।
অনুষ্ঠানে বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয় এবং তার উপর ভিত্তি করে একটি কুইজ প্রতিযোগিতা আয়োজিত হয়। পরে বৃক্ষরোপন কর্মসূচির মধ্যে দিয়ে আয়োজন শেষ হয়।


