মোঃ হাসান মিয়া,স্টাফ রিপোর্টারঃ
গ্রীষ্মের রুক্ষতা ছাড়িয়ে কৃষ্ণচূড়া ফুল নিজের সৌন্দর্য তুলে ধরছে। গাছের ডালপালা জুড়ে শুধুই কৃষ্ণচূড়া ফুলের সমারোহ। এই ফুলের অপরুপ দৃশ্য যে কারও চোখে ও মনে এনে দিতে পারে শিল্পের দ্যোতনা।
পাবনা জেলার বেড়া উপজেলায় বিভিন্ন পথে-প্রান্তরে ও স্থানীয়দের বসত বাড়ির আঙ্গিণায় শোভা পাচ্ছে এসব রক্তলাল ফুল সমৃদ্ধ অসংখ্য কৃষ্ণচূড়া গাছ। এ যেন এক অপরুপ মনমুগ্ধকর ভালবাসার অনুভুতির ছোঁয়া। আর এসব কৃষ্ণচূড়া ফুলের নিজস্ব সৌন্দর্য উপভোগ করছেন ফুলপ্রিয় পথিক। প্রকৃতিতে ছড়িয়ে পড়েছে কৃষ্ণচূড়ার জৌলুস।
সরেজমিনে বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, উপজেলার বিভিন্ন জায়গায় ও পথে প্রান্তরে কৃষ্ণচূড়ার গাছে থোকায় থোকায় ফুল ফুঁটেছে। সবুজের বুকে শুধুই লালের রাজত্ব। দূর থেকে মনে হয় ময়ূর তার রাঙা পেখম মেলে ধরেছে প্রকৃতির মাঝে। লক্ষ্য করা গেছে,কাজিরহাট হাইও মহাসড়কের পাশে,নাটিয়াবাড়ি,কাশিনাথপুর সড়ক ও বিভিন্ন আঞ্চলিক সড়কসহ বসতবাড়ির আঙিনায় কৃষ্ণচূড়া ফুলের সমারোহ। ভোরের নরম আলো, তপ্ত দুপুর কিংবা সন্ধ্যা নামার আগেও কৃষ্ণচূড়া ফুলের সৌন্দর্যে মুগ্ধ হন উপজেলাবাসী।


