মাসুদ রানা জামালপুর জেলা প্রতিনিধি :
জামালপুর সদরের নরুন্দি ইউনিয়ন পরিষদে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাউল বিতরণে ওজনে কম দেয়ার অভিযোগ পাওয়া গেছে।সরেজমিনে যাচাই করে অভিযোগের সত্যতাও মিলেছে।
সরেজমিনে যাচাই করে দেখা যায়, ইউনিয়নের বিলপাড়া গ্রামের জালাল নামে এক ব্যাক্তির চাউল মিটারে মেপে নয় কেজি পাওয়া যায়, তেমনি আবদুল কুদ্দুস ও বানু বেগম নামে আরও দু’জনের চাউল মেপে আট কেজি আটশো গ্রাম ও আট কেজি পাঁচশ গ্রাম পাওয়া গেছে।সুবিধাভোগীদের অভিযোগে তা যাচাই করা হয়।
জানা গেছে, ইউনিয়নের চার হাজার নয়শো জন নারী পুরুষ কে দশ কেজি করে ভিজিএফ চাউল বিতরণের জন্য প্রয়োজনীয় বরাদ্দ দেয়া হয়েছে। রবিবার সকাল থেকে এ চাউল বিতরণ শুরু করে ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান। সোমবার (৮ এপ্রিল) সকাল থেকে আবার বিতরণ শুরু হয়।
সোমবার সকালে ওজনে কম চাউল দেয়ার বিষয়টি যাচাই করা হয়। ওজনে কম দেয়ার বিষয়ে জানতে চাইলে, ট্যাগ অফিসার উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা (অতিরিক্ত) সাইদুর রহমান জানান, তিনি টিসিবি বিতরণে ব্যাস্ত থাকায় আসতে দেরি হয়েছে।
তিনি আসার পর কম দেয়ার সুযোগ নেই।চাউল কম দেয়ার বিষয়ে জানতে চাইলে ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান জানান, পরিবহন খরচ কে দিবে?
চাউল ওজনে কম দেয়ার কথা স্বীকার করে তিনি বলেন, বরাদ্দের চেয়ে চাহিদা বেশি।নয় কেজির কম কাউকে দেয়া হয়নি।যাদের স্লিপ নাই তাদেরকে পাঁচ কেজি দেয়া হয়েছে।
জানতে চাইলে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহনাজ ফেরদৌস জানান,তিনি বিষয়টি দেখতে নরুন্দি যাবেন।অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নিবেন।


