২০২৬ ফিফা বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ফাইনালকে ঘিরে যখন বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে, তখন হাফটাইম বিরতির দৈর্ঘ্য নিয়ে চলা সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছে ফিফা।
বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি নিশ্চিত করেছে, রোববার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া আর্জেন্টিনা ও স্পেনের শিরোপা নির্ধারণী ম্যাচে হাফটাইম বিরতি সর্বোচ্চ ১৭ মিনিট হবে।
গত কয়েকদিন ধরে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, হাফটাইমে বিশেষ সঙ্গীতানুষ্ঠানের আয়োজন থাকায় বিরতির সময় ২৫ মিনিট বা তারও বেশি হতে পারে।
তবে ফিফা জানিয়েছে, প্রচলিত ১৫ মিনিটের বিরতির সঙ্গে মাত্র অতিরিক্ত দুই মিনিট যোগ করা হয়েছে। এর বেশি সময় কোনোভাবেই নেওয়া হবে না।
ফিফার পরিকল্পনা অনুযায়ী, ১৭ মিনিটের মধ্যে ১১ মিনিট বরাদ্দ থাকবে হাফটাইম শোয়ের জন্য। এই আয়োজনে পারফর্ম করবেন বিশ্বখ্যাত সংগীতশিল্পী শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবার। বাকি ৬ মিনিটে মঞ্চ স্থাপন ও অপসারণ, মাঠের ঘাসের পরিচর্যা এবং খেলার জন্য মাঠ প্রস্তুতের কাজ সম্পন্ন করা হবে।
ম্যাচের আগে স্পেনের পক্ষ থেকে মাঠের ঘাস কিছুটা শুষ্ক ও ধীরগতির হওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে বিরতির সময় মাঠে পানি ছিটিয়ে ঘাসের মান ঠিক রাখার সিদ্ধান্ত নিয়েছে ফিফা, যাতে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে খেলোয়াড়রা সর্বোচ্চ মানের খেলার পরিবেশ পান।
এদিকে যুক্তরাষ্ট্রের গ্রীষ্মকালীন তাপমাত্রার বিষয়টি মাথায় রেখে ফিফা ফাইনালেও হাইড্রেশন ব্রেক বা পানি পানের বিরতির নিয়ম বহাল রেখেছে। ফলে ম্যাচের প্রতিটি অর্ধে একটি করে, মোট দুটি হাইড্রেশন ব্রেক পাবেন দুই দলের খেলোয়াড়রা।
ফিফা জানিয়েছে, হাফটাইম শো, মাঠের রক্ষণাবেক্ষণ এবং ম্যাচ পরিচালনার সময়সূচির মধ্যে ভারসাম্য বজায় রাখতেই ১৭ মিনিটের এই সীমা নির্ধারণ করা হয়েছে। এতে যেমন দর্শকরা বিশ্বমানের বিনোদন উপভোগ করতে পারবেন, তেমনি ম্যাচের গতি ও প্রতিযোগিতামূলক পরিবেশও অক্ষুণ্ন থাকবে।
ফুটবলপ্রেমীদের জন্য তাই এবারের বিশ্বকাপ ফাইনাল হতে যাচ্ছে এক অনন্য আয়োজন—একদিকে আর্জেন্টিনা ও স্পেনের শিরোপার লড়াই, অন্যদিকে শাকিরা, ম্যাডোনা ও জাস্টিন বিবারের বর্ণাঢ্য হাফটাইম শো।
আরু/


