গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভারতে পাচারের প্রস্তুতিকালে প্রায় ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা মূল্যের দুটি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে ২০ বিজিবি জয়পুরহাট ব্যাটালিয়ন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় আরও ৮ থেকে ১০ জন পালিয়ে গেছে বলে জানিয়েছে বিজিবি।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার শাখাহার ইউনিয়নের দইহারা-জিড়াই এলাকায় অভিযান চালিয়ে মূর্তিগুলো উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- দইহারা গ্রামের আলিপ হোসেন (২২), সরজিনা আক্তার (৩০) এবং পণ্ডিতপুর জিড়াই গ্রামের এনামুল হক (৫০)।
বিজিবি ও পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পাচারের উদ্দেশ্যে নেওয়া দুটি মূর্তি উদ্ধার এবং তিনজনকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার হওয়া মূর্তির মধ্যে একটি বিষ্ণুমূর্তি। এর ওজন ১৬ কেজি ৮৭০ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৬ লাখ ৮৭ হাজার টাকা। অপরটি কষ্টিপাথর সদৃশ বস্তু, যার ওজন প্রায় ১১৯ কেজি এবং আনুমানিক মূল্য ১ কোটি ১৯ লাখ টাকা।
বিজিবির সদর দপ্তর নির্ধারিত মূল্য অনুযায়ী দুটি মূর্তির মোট আনুমানিক মূল্য ১ কোটি ৩৫ লাখ ৮৭ হাজার টাকা।
বিজিবি জানায়, উদ্ধার করা মূর্তিগুলো নওগাঁর পাহাড়পুর বৌদ্ধ বিহার প্রত্নতত্ত্ব অধিদপ্তরে যাচাই করা হয়েছে এবং ডিজিটাল মেশিনে ওজন করা হয়েছে।
এ ঘটনায় ২০ বিজিবির জেসিও-১০৯২৭ মো. সেকেন্দার আলী বাদী হয়ে গ্রেপ্তার তিনজনসহ পলাতক ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় এজাহার দিয়েছেন।
গোবিন্দগঞ্জ থানার ওসি মুহাম্মদ মোজাম্মেল হক জানান, বিজিবি গ্রেপ্তার তিনজনকে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আরু|



