জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ার আইনশৃঙ্খলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর দেওয়া বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। বক্তব্যের জন্য ক্ষমা না চাওয়া পর্যন্ত জেলায় এনসিপির কোনো কর্মসূচি হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ব্রাহ্মণবাড়িয়ায় সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধের অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের কাছে সম্পূরক প্রশ্ন করেন।
হাসনাত আবদুল্লাহ বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রতি মাসে গড়ে ২৬০টি হত্যাকাণ্ড ঘটলেও বর্তমান সরকারের সময়ে সেই সংখ্যা বেড়ে ৩১১টিতে দাঁড়িয়েছে।
তার দাবি, আগের সরকারের ছয় মাসে ১ হাজার ৭৮০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল, আর বর্তমান সরকারের ছয় মাসে হয়েছে ১ হাজার ৭৮৯টি।
নারী ও শিশু নির্যাতনের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, আগের সরকারের ছয় মাসে এ ধরনের ঘটনা ছিল ১ হাজার ৯০টি, আর বর্তমান সরকারের সময়ে তা বেড়ে হয়েছে ১১ হাজার ১৬৫টি। এছাড়া গণপিটুনিতে আগের ছয় মাসে ১৬৬ জন এবং বর্তমান সরকারের ছয় মাসে ১২০ জন নিহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।
পুলিশের ওপর হামলার ঘটনাও উল্লেখ করেন হাসনাত। তার ভাষ্য অনুযায়ী, আগের সময়ে পুলিশের ওপর হামলার ঘটনা ছিল ২৭৫টি, আর বর্তমান সরকারের সময়ে হয়েছে ৩১৭টি।
ব্রাহ্মণবাড়িয়ার প্রসঙ্গ তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, জেলাটিতে কনসার্ট ও নৌকাবাইচ বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যেখানে ব্রাহ্মণবাড়িয়াকে একটি ‘কালচারাল জেলা’ হিসেবে উল্লেখ করেছিলেন, সেখানে গান-বাজনা ও সিনেমার মতো সাংস্কৃতিক কর্মকাণ্ড বন্ধ হয়ে যাচ্ছে।
একপর্যায়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উদ্দেশে হাসনাত জানতে চান, গত ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনি সফল হয়েছেন কি না এবং এ ক্ষেত্রে কোনো ব্যর্থতা রয়েছে কি না।
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘এটা প্রশ্ন, না পল্টনের বক্তৃতা বুঝতে পারিনি।’
তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে স্বরাষ্ট্রমন্ত্রী সফল হয়েছেন কি না_এটি একটি প্রশ্ন। আর ব্রাহ্মণবাড়িয়া জেলায় সিনেমা হল কেন নেই_সেটি ভিন্ন একটি প্রশ্ন।
হাসনাত আবদুল্লাহর দেওয়া হত্যা ও অন্যান্য অপরাধের পরিসংখ্যান নিয়েও প্রশ্ন তোলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এসব তথ্য কোন ভিত্তি বা পরিসংখ্যানের ওপর দেওয়া হয়েছে, তা তিনি জানেন না।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে কি না, তা দৃশ্যমান। এ সময় সংঘটিত বিভিন্ন অপরাধের ঘটনায় জড়িতদের ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে বলেও দাবি করেন তিনি।
এদিকে সংসদে হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রতিবাদে শুক্রবার (২৮ আগস্ট) রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরে বিক্ষোভ মিছিল বের করে কওমি ছাত্র ঐক্য পরিষদ। রাত পৌনে ১২টার দিকে শহরের জামিয়া ইউনিসিয়া মাদরাসা থেকে মিছিলটি বের হয়।
মিছিল শেষে সমাবেশে বক্তারা ব্রাহ্মণবাড়িয়া নিয়ে সংসদে দেওয়া হাসনাত আবদুল্লাহর বক্তব্যের সমালোচনা করেন। এ সময় তার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং বক্তব্যের জন্য ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।
বিক্ষোভকারীরা বলেন, হাসনাত আবদুল্লাহকে তার বক্তব্যের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়াবাসীর কাছে ক্ষমা চাইতে হবে। একই সঙ্গে শনিবার (২৯ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির কোনো কর্মসূচি হতে দেওয়া হবে না বলেও ঘোষণা দেন তারা।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়ায় রাজনৈতিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
আরু|



