দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় পরিচালিত পুলিশের বিশেষ অভিযানে মোট ১ হাজার ৭৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে ১ হাজার ৩৭৩ জন বিভিন্ন মামলা ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি এবং ৪১৪ জন অন্যান্য অপরাধে জড়িত বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর।
পুলিশ সদর দপ্তর জানায়, গত সোমবার দিবাগত রাত ১২টা থেকে মঙ্গলবার দিবাগত রাত ১২টা পর্যন্ত দেশব্যাপী একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা আলামতের মধ্যে রয়েছে একটি পাইপগানের পিস্তল, একটি দেশীয় পিস্তল, চারটি শটগানের কার্তুজ, একটি গুলি, তিনটি চাপাতি, দুটি চাকু, একটি চাইনিজ কুড়াল এবং পাঁচটি ককটেলসদৃশ বস্তু।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধ নিয়ন্ত্রণ, পলাতক আসামি গ্রেপ্তার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
আরু/


