
মোঃ ফজলুর রহমান সুইট , জয়পুরহাট জেলা প্রতিনিধি :
গৃহবধূ হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী বিদ্যুৎ কে নওগাঁর ধামুইরহাটের গোপিরামপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৫।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, সিপিসি-৩ অভিযানিক দল ২৩ মার্চ ২০২৪ তারিখ ০৩.৩০ ঘটিকায় নওগাঁ জেলার ধামুইরহাট থানাধীন গোপিরামপুর এলাকা হতে হত্যা মামলার এজাহার নামীয় পলাতক আসামী মোঃ বিদ্যুৎ (৪৪), পিতা-মোঃ নজরুল ইসলাম, সাং-গাংরা, থানা-ধামুইরহাট, জেলা-জয়পুরহাট কে গ্রেফতার করা হয়।
ঘটনা সূত্রে জানা গেছে, গত ১২ মার্চ ২০২৪ তারিখ ধামুইরহাট উপজেলার উমার ইউনিয়নের বিহারীনগর গ্রামের নরুল আমিন ওরফে এরশাদ এর স্ত্রী মহসিনা খাতুন ওরফে আয়না (৩০) কে ভোর রাতে বাড়ীর পূর্ব পার্শ্বে একটি আম গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। পরবর্তীতে পরিবারের লোকজন থানা পুলিশ কে খবর দিলে সকালে পুলিশ লাশ উদ্ধার করে।
উল্লেখ্য, মৃত আয়না আক্তারের সাথে তার স্বামী ও স্বামীর পরিবারের লোকজনের ছোট খাটো বিষয়ে বিরোধ লেগেই থাকতো। এই বিরোধের জের ধরে তাকে মারপিটের করে শ্বাসরোধে মেরে ফেলে বসত বাড়ির আম গাছে গলায় লাইলনের রশি পেঁচিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে বলে জানান মৃতের স্বজনরা। মৃতের চাচা আব্দুল হামিদ বাদী হয়ে ধামুইরহাট থানায় ভাতিজিকে শ্বাসরোধে হত্যার দ্বায়ে ০৪ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা রুজু করেন।


