ভারত-বাংলাদেশ সীমান্ত পার হওয়ার সুযোগের অপেক্ষায় বাংলাদেশিরা ওৎ পেতে বসে আছে বলে দাবি করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিএসএফের নজর এড়িয়ে সীমান্ত পার হওয়ার চেষ্টা চলছে উল্লেখ করে সীমান্তের নিরাপত্তা আরও জোরদারের ঘোষণা দিয়েছেন তিনি।
রোববার ভারত-বাংলাদেশ সীমান্তের হিঙ্গলগঞ্জে বিএসএফের ৭৪তম ব্যাটালিয়ন ক্যাম্প পরিদর্শনকালে এসব কথা বলেন শুভেন্দু অধিকারী।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সীমান্তের নিরাপত্তা পরিস্থিতি পরিদর্শনের কথা উল্লেখ করে শুভেন্দু বলেন, নিরাপত্তাব্যবস্থা শতভাগ নিখুঁত করা হবে। তিনি ব্যক্তিগতভাবে সর্বশেষ ভাসমান আউটপোস্ট পরিদর্শন করেছেন এবং দূরবীন দিয়ে সীমান্তবর্তী এলাকা পর্যবেক্ষণ করেছেন। তার দাবি, বিএসএফ সদস্যরা সামান্য সময়ের জন্য নজরের বাইরে গেলেই সীমান্ত পার হওয়ার সুযোগ নিতে অপেক্ষা করছে বাংলাদেশিরা।
বিএসএফ ও পুলিশের যৌথ অভিযানের কথা তুলে ধরে তিনি আরও বলেন, ইতিমধ্যে কয়েক লাখ অনুপ্রবেশকারীকে তাড়িয়ে দেওয়া হয়েছে। সীমান্তের ১৫ কিলোমিটার এলাকাজুড়ে তল্লাশি অভিযান চলছে। একজন অনুপ্রবেশকারীকেও পশ্চিমবঙ্গে থাকতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
তবে শুভেন্দুর বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, বিএসএফ ভারতের কেন্দ্রীয় সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়। সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া এবং নিরাপত্তা-সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্বও কেন্দ্রীয় সরকারের।
কুণাল ঘোষ প্রশ্ন তোলেন, ২০১৪ সাল থেকে কেন্দ্রে বিজেপি ক্ষমতায় থাকার পরও এবং ত্রিপুরায় বিজেপি সরকার থাকা সত্ত্বেও কীভাবে অনুপ্রবেশ ঘটছে? সেখানে অবৈধ অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের প্রবেশের ঘটনা ঘটলে তার দায় কার? শুধু পশ্চিমবঙ্গকে দায়ী করা কতটা যৌক্তিক, সে প্রশ্নও তোলেন তিনি।
তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় বিএসএফ সদস্যদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। কারণ, তার ভাষায়, বিএসএফ সদস্যরাও আমাদেরই ছেলে।
এর আগে হিঙ্গলগঞ্জ কলেজের অস্থায়ী হেলিপ্যাডে অবতরণ করে সড়কপথে বিএসএফ ক্যাম্পে যান শুভেন্দু অধিকারী। পরে ইছামতি নদীতে বিএসএফের স্পিডবোটে করে সীমান্ত এলাকা পরিদর্শন করেন তিনি। এরপর হিঙ্গলগঞ্জ থানার কালীপূজা উদ্বোধন করে পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক করেন।
সূত্র: এনডিটিভি
আরু|



