গাজীপুরের পূবাইলে হানিট্র্যাপের ফাঁদে ফেলে এক ব্যক্তিকে জিম্মি করে মারধর, টাকা-পয়সা, মোবাইল ফোন ও মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মো. সোহেল মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৫ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে পূবাইল থানার মাজুখান এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর প্রতিষ্ঠানের সাবেক দুই নারী কর্মী ভালো বেতনে অন্য প্রতিষ্ঠানে চাকরির সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে তাঁকে একটি ভাড়া বাসায় ডেকে নেন।
সেখানে চা-নাশতা খাওয়ার পর পূর্বপরিকল্পনা অনুযায়ী আরও কয়েকজন ওই বাসায় প্রবেশ করেন। পরে এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের মিথ্যা অপবাদ দিয়ে ভুক্তভোগীকে আটকে রেখে মারধর করা হয়। একপর্যায়ে তাঁর স্ত্রীর কাছে টাকা দাবি করেন অভিযুক্তরা।
টাকা আদায় করতে না পেরে ভুক্তভোগীর কাছ থেকে নগদ ২৮ হাজার টাকা এবং বিকাশের মাধ্যমে আরও ৩ হাজার টাকা নেওয়া হয়। এ ছাড়া দুটি স্মার্টফোনও ছিনিয়ে নেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, ভয়ভীতি দেখিয়ে মোটরসাইকেল বিক্রি করেছেন এমন মর্মে তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্পে ভুক্তভোগীর স্বাক্ষর নেওয়া হয়। পাশাপাশি পুরো ঘটনার ভিডিও ধারণ করা হয়। পরে তাঁর মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন অভিযুক্তরা।
এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পূবাইল থানায় নিয়মিত মামলা করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক মো. রফিকুল ইসলাম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে মামলার ২ নম্বর আসামি সোহেল মিয়াকে গ্রেফতার করেন।
গ্রেফতার সোহেল মিয়া মৌলভীবাজারের কমলগঞ্জ থানার আধকানী জালালাপুর এলাকার লাল মিয়ার ছেলে। তিনি গাজীপুরের পূবাইলের মাজুখান এলাকায় একটি বাসায় ভাড়া থাকতেন।
পূবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান জানান, অভিযানে একটি মোটরসাইকেল, একটি স্মার্টফোন ও তিনটি নন-জুডিশিয়াল স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে।
আরু|



