পবিত্র কাবা শরিফে হজ ও ওমরাহ পালনকারীদের সুবিধার্থে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর নতুন ডিজিটাল সেবা চালু করেছে সৌদি আরব। এই সেবার মাধ্যমে তাওয়াফ ও সায়ীর নির্ধারিত এলাকাগুলোর ভিড়ের রিয়েল-টাইম তথ্য জানা যাবে, ফলে মুসল্লিরা তুলনামূলক কম ভিড়ের সময় ও পথ বেছে নিয়ে সহজে ইবাদত করতে পারবেন।
শনিবার (১৮ জুলাই) গালফ নিউজ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সৌদি আরবের জেনারেল অথরিটি ফর দ্য কেয়ার অব দ্য অ্যাফেয়ার্স অব দ্য গ্র্যান্ড মসজিদ অ্যান্ড দ্য প্রফেটস মসজিদ জানিয়েছে, নতুন এ প্রযুক্তিভিত্তিক প্ল্যাটফর্মে কাবা ঘিরে তাওয়াফের মাতাফ এলাকা এবং সাফা-মারওয়া সায়ীর করিডোরের ভিড়ের ঘনত্ব তাৎক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা যাবে।
ডিজিটাল প্ল্যাটফর্মটি ভিড়ের মাত্রা বিভিন্ন রঙের মাধ্যমে প্রদর্শন করবে, যাতে তীর্থযাত্রীরা সহজেই বুঝতে পারেন কোন এলাকায় ভিড় বেশি এবং কোথায় তুলনামূলক কম। একই সঙ্গে প্রয়োজনীয় নির্দেশনা ও চলাচলসংক্রান্ত পরামর্শও দেওয়া হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, কিউআর (QR) কোড স্ক্যান করেই এ সেবা ব্যবহার করা যাবে। মোবাইল ফোনের মাধ্যমে ব্যবহারকারীরা যেকোনো সময় সর্বশেষ তথ্য দেখতে পারবেন। এতে গ্র্যান্ড মসজিদের ভেতরে চলাচল আরও সহজ হবে এবং তাওয়াফ ও সায়ী নির্বিঘ্নে সম্পন্ন করা সম্ভব হবে।
সৌদি কর্তৃপক্ষের ভাষ্য, হজ ও ওমরাহ পালনকারীদের অভিজ্ঞতা আরও নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও আধুনিক করতে ডিজিটাল রূপান্তরের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে ব্যস্ত মৌসুমে ভিড় ব্যবস্থাপনা, নিরাপত্তা নিশ্চিত করা এবং দর্শনার্থীদের সময় সাশ্রয়ে এ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব ‘ভিশন ২০৩০’-এর আওতায় হজ ও ওমরাহ ব্যবস্থাপনায় কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), স্মার্ট সেন্সর, ডিজিটাল গাইড, ই-গেট এবং বহুভাষিক প্রযুক্তিনির্ভর নানা সেবা চালু করেছে। নতুন এই রিয়েল-টাইম ভিড় পর্যবেক্ষণ ব্যবস্থা সেই আধুনিকায়নেরই একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
আরু/


