কুয়েতে সরকারি রাজস্ব স্ট্যাম্প জালিয়াতি ও অবৈধ বিক্রির একটি চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দীর্ঘ নজরদারি ও গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শুক্রবার (১২ জুন) কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আটক ব্যক্তিরা একটি হাসপাতালের ভেতরে ও বাইরে অবস্থান করে প্রবাসী ও ব্যবসায়ীদের কাছে জাল সরকারি স্ট্যাম্প বিক্রি করছিল। তারা ৫ ও ১০ কুয়েতি দিনার মূল্যের স্ট্যাম্প কম দামে সরবরাহ করে দীর্ঘদিন ধরে বিপুল অঙ্কের অর্থ অবৈধভাবে আয় করছিল।
তদন্তে জানা যায়, চক্রটি অত্যন্ত সুসংগঠিতভাবে কাজ করছিল। তারা প্রথমে আসল স্ট্যাম্প কাগজ সংগ্রহ করত এবং পরে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে হুবহু জাল স্ট্যাম্প তৈরি করত। অভিযানের সময় তাদের কাছ থেকে একটি ল্যাপটপ, প্রিন্টার এবং স্ট্যাম্প তৈরিতে ব্যবহৃত বিশেষ কাগজ জব্দ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরও জানা গেছে, তারা একটি হাসপাতাল থেকে সরকারি স্ট্যাম্পের আসল কাগজের রোল চুরি করে সেই কাগজ ব্যবহার করেই জাল স্ট্যাম্প তৈরি করত।
কুয়েত কর্তৃপক্ষ জানিয়েছে, এই জালিয়াতির মাধ্যমে বড় অঙ্কের সরকারি রাজস্ব ফাঁকি এবং রাষ্ট্রীয় নথিপত্রের নিরাপত্তা হুমকির মুখে পড়েছিল। ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত চলছে।
আটক পাঁচ বাংলাদেশিকে ইতোমধ্যে সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাজস্ব ও সরকারি নথিপত্র জালিয়াতির বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরু/


