তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় নির্বাচনে কুলাউড়ায় ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী মাওলানা আছলাম হোছাইন রহমানী বলেছেন, “ভোট যেন কারচুপি না হয় এজন্য জিনদের বলে দিয়েছি। আমার এখানে মানুষ এজেন্টদের পাশাপাশি জিনরাও কাজ করবে পাহাড়া দিবে। এজেন্টতো থাকবেই সঙ্গে জিনরাও খবরাখবর দিবে যে ভিতরে কোনো কারচুপি হচ্ছে কি না।”
শনিবার (৬ জানুয়ারি) মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন তিনি।
মৌলভীবাজারে-২(কুলাউড়া) আসনে অভিনব পদ্ধতিতে নির্বাচনী প্রচারণা করছেন ইসলামী ঐক্যজোটের মনোনীত প্রার্থী মাওলানা আছলাম হোছাইন রহমানী। উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচনী মাঠে ভোট চাইতে গিয়ে তিনি ঝাড় ফুঁক ও পানি পড়া দিয়ে ভোটারদের আকৃষ্ট করছেন।
তিনি বলেন, “ভোট যেন কারচুপি না হয় এজন্য জিনদের বলে দিয়েছি। সুতরাং কেউ ভোট চুরি করতে পারবে না।”
মাওলানা আছলাম হোসাইন রহমানী বলেন, “আপনারা জানেন যারা তসকিয়া বিশ্বাস করেন, তারা জানেন। ফুলতলী সাহেবের অনেক জিন মুরিদ ছিল। আমাদেরও তাদের মতো না হলেও কিছু জিনের সঙ্গে দেখা হয়, আলোচনা হয়। আমি তাদের বলে দিয়েছি নির্বাচনে আমার ভোট যেন কারচুপি না হয়।


