ষ্টাফ রিপোর্টার,মানিকগঞ্জ:
দৈনিক আমাদের সময় পত্রিকার শিবালয় প্রতিনিধি মোঃ সায়েদুর রহমানের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। চিহ্নিত সন্ত্রাসীদের আঘাতে গুরুতর আহত সায়েদুর রহমান স্থানীয় উথলী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় সন্ত্রাসীদের বিরুদ্ধে শিবালয় থানায় অভিযোগ দেন আহত সাংবাদিক। তদন্ত কর্মকর্তা এসআই শংকর মজুমদার জানান, ঘটনা স্থল পরিদর্শন করে হামলার সত্যতা পাওয়া গেছে। তবে, অভিযুক্তরা পালিয়ে বেড়ালেও তাদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
জানা গেছে, ২৩ ডিসেম্বর শনিবার রাত ১০টার দিকে সায়েদুর রহমান উপজেলার টুবাখালি গ্রামের নিজ বাড়িতে যাওয়ার সময় পথিমধ্যে সমেসগড় গ্রামের নিকট পৌঁছে দেখতে পান, একই গ্রামের জালাল উদ্দিনের ছেলে আমানত (২২) তার ৬/৭ সহযোগী একজন রিক্সা চালককে মারধর করছে। সাংবাদিক সায়েদুর এগিয়ে গিয়ে প্রতিবাদ করলে উক্ত আমানত ও সহযোগীরা তার উপর হামাল চালায়। তাদের আক্রমনে সাংবাদিক সায়েদুর রহমান মারাত্মকভাবে আহত হন। ঘটনা স্থল থেকে হামলাকারীরা তার পকেট থেকে নগদ ১৭ হাজার টাকা, মানিব্যাগ, এন্ড্রয়েড মোবাইল ফোন সেট, সোনার আংটি ছিনিয়ে নিয়ে হুমকি দিয়ে কেটে পড়ে। এ ঘটনায় সচেতন মহল ও সাংবাদিক সমাজে দারুন ক্ষোভের সৃষ্টি হয়েছে। দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবী জানানো হয়েছে।


