বিশ্বজিৎ সাহা, স্টাফ রিপোর্টার, নেত্রকোনাঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-১ আসনে নৌকার টিকিট পেয়েছেন সাবেক এমপি ও
বর্তমান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য মোশতাক আহমেদ রুহী। নৌকার মনোনয়ন পাওয়ার পর নিজ নির্বাচনী এলাকা (কলমাকান্দা-দূর্গাপুর) উপজেলায় আসেন তিনি। এ সময় তাকে বরণ করতে নামে জনতার ঢল।
গত বুধবার (২৯ নভেম্বর) সড়কপথে শতাধিক প্রাইভেটকার ও তিন সহস্রাধিক মোটরসাইকেল বহর নিয়ে নেত্রকোনা থেকে রুহীকে এগিয়ে আনেন তার কর্মী-সমর্থকরা। প্রথমে দূর্গাপুর পরে কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে এসে জনসাধারণের কথা বলেন। পরে ওইদিন সন্ধ্যা ৬টার দিকে কলমাকান্দা উপজেলা পরিষদ অডিটরিয়ামে নির্বাচনী প্রস্তুতিমূলক সভায় যোগ দেন তিনি।
সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিনের সঞ্চালনায় ও সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদের সভাপতিত্ব প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মোশতাক আহমেদ রুহী।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নেত্রকোনা-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন ২২ জন প্রার্থী। পরে এ আসনে নৌকার মনোনয়ন দেওয়া হয় মোশতাক আহমেদ রুহীকে। জাতীয় পার্টি থেকে এ আসনে লাঙ্গল প্রতীক পেয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম রব্বানী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দুর্গাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা তালুকদার।


