চট্টগ্রামের পতেঙ্গায় আট বছর বয়সী শিশু সোহাগকে বলাৎকারের পর হত্যার দায়ে মো. ইমন নামে এক আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৫ নভেম্বর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত-১-এর অতিরিক্ত দায়রা জজ নিষ্কৃতি হাগিদক এ রায় ঘোষণা করেন।
মামলার বিবরণ অনুযায়ী, ২০১৮ সালের ৮ মার্চ বিকেল সাড়ে ৪টার দিকে নিখোঁজ হয় শিশু সোহাগ। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে পতেঙ্গা মডেল থানার খালপাড় চেয়ারম্যান গলির শাহিদের একটি পরিত্যক্ত ভাড়া ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মামলার অভিযোগে বলা হয়, বরই খাওয়ানোর কথা বলে সোহাগকে ওই পরিত্যক্ত ঘরে নিয়ে যায় ইমন। সেখানে শিশুটিকে বলাৎকার করা হয়। পরে ঘটনাটি সবাইকে জানিয়ে দেওয়ার কথা বললে ইট দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়।
এ ঘটনায় নিহত শিশুর বাবা মো. ফারুক হোসেন ভূঁইয়া বাদী হয়ে পতেঙ্গা থানায় হত্যা মামলা করেন। ঘটনার সময় আসামি ইমনের বয়স ছিল ২০ বছর।
মামলায় মোট ১২ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। তবে আসামি ইমন পলাতক থাকায় তার পক্ষে রাষ্ট্রের পক্ষ থেকে আইনজীবী নিয়োগ দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ইরফানুল হুদা ফারুকী। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত ইমনকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।
আরু|



