ভারতের দেওয়া ব্যাখ্যায় সন্তুষ্ট না হলেও নয়াদিল্লিতে অনুষ্ঠেয় বিমসটেক ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার্স মিটিংয়ে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আগামী ১৬ জুলাই ভারতের রাজধানী নয়াদিল্লিতে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বাংলাদেশ বর্তমানে বিমসটেকের সভাপতির দায়িত্বে থাকায় এ বৈঠকে অংশ নেওয়া ঢাকার দায়িত্ব ও সাংগঠনিক বাধ্যবাধকতার অংশ। এ কারণেই বৈঠকে প্রতিনিধি পাঠানোর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামসুল ইসলাম। তার সফরের বিষয়টি কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারত সরকারকে জানানো হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া ব্যাখ্যা প্রত্যাখ্যান করে বাংলাদেশ। ঢাকার পক্ষ থেকে জানানো হয়, ওই ব্যাখ্যা সন্তোষজনক নয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, শামসুল ইসলামের সফরের সময় ভারত আন্তর্জাতিক কূটনৈতিক রীতি ও রাষ্ট্রাচার যথাযথভাবে অনুসরণ করছে কি না, তা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করবে বাংলাদেশ।
তারা আরও জানান, প্রতিনিধি দলের সফর উপলক্ষে প্রয়োজনীয় কূটনৈতিক সৌজন্য নিশ্চিত করার বিষয়টি ভারতকে অবহিত করা হয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ-ভারতের উচ্চপর্যায়ের সফর ও আনুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রেও এ ধরনের আচরণ গুরুত্বপূর্ণ বিবেচনায় নেওয়া হবে।
আরু/


