রাজধানীর বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানে শুধু সরকারের দিকে তাকিয়ে না থেকে সাধারণ মানুষকেও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন শফিকুর রহমান।
বুধবার (১ জুলাই) রাজধানীর শেওড়াপাড়ায় ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা এবং নাগরিক সমস্যা সমাধানে আয়োজিত এক পরিচ্ছন্নতা অভিযান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, পানি, গ্যাস, ড্রেনেজ ব্যবস্থা ও জলাবদ্ধতার মতো অনেক সমস্যার পেছনে নাগরিকদের অসচেতনতাও বড় কারণ।
তিনি বলেন, অনেকেই নিজেদের বর্জ্য-আবর্জনা ড্রেনে ফেলে দেন, যার ফলে পানি চলাচলে বাধা সৃষ্টি হয় এবং সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয়।
তিনি বলেন, “সরকার প্রতিদিন ড্রেন পরিষ্কার করবে—এমনটা ভাবা ঠিক নয়। সরকার অবকাঠামো উন্নয়ন ও পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করবে, কিন্তু নাগরিকদের দায়িত্ব হবে সেগুলো সংরক্ষণ করা এবং পরিবেশ নষ্ট না করা।”
জামায়াত আমির সবাইকে যেখানে-সেখানে বর্জ্য না ফেলে নির্ধারিত স্থানে ময়লা ফেলার আহ্বান জানান।
তিনি বলেন, নাগরিক সচেতনতা বৃদ্ধি পেলে ডেঙ্গুর মতো মশাবাহিত রোগের ঝুঁকিও অনেকাংশে কমে আসবে।
বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও তিনি মন্তব্য করেন। তার ভাষ্য, বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে এবং এ ধরনের জাতীয় সমস্যা সমাধানে সরকার, বিরোধী রাজনৈতিক দল ও সাধারণ মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের ক্ষেত্রেও তিনি নাগরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা করার পাশাপাশি অভিভাবকদের নিজ নিজ সন্তানদের চলাফেরা, বন্ধু-বান্ধব ও সামাজিক কার্যক্রমের প্রতি আরও নজর রাখার পরামর্শ দেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তুলতে সরকারের উদ্যোগের পাশাপাশি প্রতিটি নাগরিকের দায়িত্বশীল আচরণই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই নাগরিক সচেতনতা ও সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমেই নগর সমস্যার টেকসই সমাধান সম্ভব।
আরু/


