আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। হালনাগাদ তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ জন।
সোমবার (৩১ আগস্ট) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, স্থানীয় সরকার নির্বাচনের প্রাথমিক প্রস্তুতির অংশ হিসেবে চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত নিবন্ধিত ভোটারদের ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়েছে।
চূড়ান্ত তালিকা অনুযায়ী, দেশে পুরুষ ভোটার ৬ কোটি ৫৫ লাখ ১০ হাজার ৬৬৫ জন। নারী ভোটার ৬ কোটি ৩২ লাখ ৬৫ হাজার ৭১১ জন। আর তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ২৬৭ জন।
এতে পুরুষ ও নারী ভোটারের ব্যবধান কমে দাঁড়িয়েছে ২২ লাখ ৪৫ হাজার ৫৫৪ জনে।
ইসি সচিবালয়ের তথ্য অনুযায়ী, গত ১৪ মে প্রকাশিত প্রাথমিক ভোটার তালিকার তুলনায় চূড়ান্ত তালিকায় নতুন ভোটার যুক্ত হয়েছেন ৪ লাখ ৫ হাজার ৪০৩ জন।
এক প্রশ্নের জবাবে আখতার আহমেদ জানান, ৩১ জুলাইকে কাট-অফ ডেট ধরে আসন্ন নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নেওয়া হচ্ছে। ফলে এরপর যারা নতুন করে ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন বা হবেন, তারা আসন্ন নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন না।
তবে ভোটার নিবন্ধন একটি চলমান প্রক্রিয়া উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে কমিশন কাট-অফ তারিখ পুনর্নির্ধারণ করলে নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করে ভোটার তালিকা আবারও হালনাগাদ করা হতে পারে।
নির্বাচনের তফসিল ও সময়সূচি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব কোনো নির্দিষ্ট তারিখ জানাননি।
তিনি বলেন, নির্বাচন আয়োজনের জন্য কমিশনের প্রয়োজনীয় প্রশাসনিক প্রস্তুতি রয়েছে। সময়সূচি নিয়ে সিদ্ধান্ত হলে তা দ্রুত গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
ভোটকেন্দ্রের সংখ্যা প্রসঙ্গে তিনি জানান, স্থানীয় সরকারের কোন স্তরের নির্বাচন আগে অনুষ্ঠিত হবে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ নাকি সিটি করপোরেশন_তার ওপর ভিত্তি করেই ভোটকেন্দ্রের সংখ্যা নির্ধারণ করা হবে। নির্বাচনী তফসিল ও পূর্ণাঙ্গ রূপরেখা চূড়ান্ত হওয়ার পর কেন্দ্রের সংখ্যাও নির্ধারণ করবে নির্বাচন কমিশন।
আরু|



