যাত্রীসেবার মান উন্নয়ন এবং বিমানবন্দরের অভ্যন্তরীণ যাতায়াত আরও সহজ করতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ চালু করা হয়েছে বিনামূল্যের শাটল বাস সার্ভিস।
বুধবার (৮ জুলাই) দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে এ সেবার উদ্বোধন করেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ।
উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, আগত ও প্রস্থানকারী যাত্রীদের টার্মিনালের বিভিন্ন অংশে সহজ, দ্রুত ও আরামদায়ক যাতায়াত নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে যাত্রীসেবা আরও আধুনিক ও কার্যকর করতে বিমানবন্দর কর্তৃপক্ষ ধারাবাহিকভাবে নতুন নতুন উদ্যোগ গ্রহণ করবে বলেও জানান তিনি।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, প্রাথমিকভাবে দুটি শাটল বাস দিয়ে সেবাটি পরিচালিত হবে। বাস দুটি প্রতি ৩০ মিনিট পরপর টার্মিনাল-১ ও টার্মিনাল-২-এর ক্যানোপির মধ্যবর্তী নির্ধারিত স্থান থেকে ছেড়ে যাবে। নির্ধারিত রুটে বাসগুলো বিমানবন্দর বাস স্টেশন, জসিম উদ্দিন রোড, বিমানবন্দর রেলস্টেশন ও কাওলা এলাকা ঘুরে আবার বিমানবন্দরে ফিরে আসবে।
এই শাটল সার্ভিস সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করা যাবে। কোনো যাত্রীর কাছে ভাড়া দাবি করা হলে বিমানবন্দরের হটলাইনে অভিযোগ জানানোর আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক বলেন, নতুন এ সেবার মাধ্যমে যাত্রীরা নির্ধারিত বিভিন্ন পয়েন্টে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই সহজে চলাচল করতে পারবেন। বিশেষ করে বয়স্ক যাত্রী, শিশু নিয়ে ভ্রমণকারী পরিবার, শারীরিকভাবে অসুস্থ যাত্রী এবং ভারী লাগেজ বহনকারীদের জন্য এ সেবা বড় ধরনের সুবিধা এনে দেবে।
বিমানবন্দর কর্তৃপক্ষের মতে, যাত্রীবান্ধব অবকাঠামো গড়ে তোলা এবং আন্তর্জাতিক মানের সেবা নিশ্চিত করার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে যাত্রী চাহিদা অনুযায়ী শাটল বাসের সংখ্যা ও রুট আরও সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে।
আরু/


