চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমনের সহযোগী হিসেবে পরিচিত মো. হারুন (৪৫) ওরফে ‘ডাবা হারুন’কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকার হাঁচি সরদার পাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান।
পুলিশ জানায়, গ্রেপ্তার হারুন মানিকপুর হাঁচি সরদার পাড়ার বদিউল আলমের ছেলে। স্থানীয়ভাবে তিনি ‘ডাবা হারুন’ নামে পরিচিত।
পুলিশের দাবি, তিনি চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ডেভিড ইমন, কালা মোবারক ও টেস্টার মোবারকের সহযোগী হিসেবে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
পুলিশ আরও জানায়, ডেভিড ইমনের সহযোগীদের গ্রেপ্তারে চলমান অভিযানের অংশ হিসেবে হারুনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন অপরাধে তার ভূমিকা ও সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য জানার চেষ্টা চলছে।
এর আগে শনিবার সকালে ফটিকছড়িতে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ মোহাম্মদ মোবারক হোসেন ওরফে ‘টেস্টার মোবারক’কে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশের ভাষ্য অনুযায়ী, টেস্টার মোবারককে জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া ডাকাত দলের সদস্যদের মধ্যে ‘ডাবা হারুনের’ নাম উঠে আসে। এরপরই তাকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়।
এদিকে, পুলিশ বলছে, কাঞ্চননগরের আলোচিত সাদ্দাম হত্যা মামলাতেও হারুনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে এসব অভিযোগের বিষয়ে আদালতে প্রমাণ ও বিচারিক প্রক্রিয়া এখনো বাকি।
ফটিকছড়ি থানার ওসি মো. রবিউল আলম খান বলেন, ডেভিড ইমনের সহযোগীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে ডাবা হারুনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন তথ্যের ভিত্তিতে তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।
পুলিশ জানিয়েছে, ডেভিড ইমনের সহযোগী হিসেবে পরিচিত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আরু|



