একটি রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিশিয়াল ও ভেরিফায়েড ফেসবুক পেজে কী ধরনের বিষয়বস্তু প্রচার করা উচিত, সে বিষয়ে কর্তৃপক্ষের ন্যূনতম সাধারণ বোধ থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বুধবার (২৬ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজের একটি পোস্টের মন্তব্য ঘরে এ প্রতিক্রিয়া জানান তিনি।
জানা গেছে, মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া বিশেষ সাক্ষাৎকারের প্রচারণামূলক পোস্ট দেওয়া হয়।
পোস্টে বলা হয়, প্রতিমন্ত্রী সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলেছেন। সাক্ষাৎকারের ভিডিও লিংক প্রথম কমেন্টে দেওয়া হয়েছে বলেও উল্লেখ করা হয়।
রাষ্ট্রীয় একটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজে একজন প্রতিমন্ত্রীর বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারের লিংক প্রচারের বিষয়টি নিয়ে আপত্তি জানান সারজিস আলম।
পোস্টটির মন্তব্য ঘরে তিনি লেখেন, ‘একটা দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড পেজ থেকে কী পোস্ট করা উচিত সেই বিষয়ে আপনাদের মিনিমাম কমনসেন্স থাকা দরকার।’
এ মন্তব্যের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসে। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পেজে ওই নির্দিষ্ট পোস্টটিতে সাধারণ ব্যবহারকারীদের মন্তব্য করার সুযোগ সীমিত করে দেওয়া হয়।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।
আরু|



