চট্টগ্রামে টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় রেললাইন তলিয়ে যাওয়ায় কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন ষোলশহরে আটকা পড়েছে। ফলে প্রায় ১ হাজার যাত্রীকে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হচ্ছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে ষোলশহর স্টেশন সংলগ্ন মুরাদপুর এলাকায় রেললাইনের ওপর পানি উঠে গেলে ট্রেনটির চলাচল বন্ধ হয়ে যায়। পরে যাত্রীদের নিরাপত্তা ও সুবিধার কথা বিবেচনা করে ট্রেনটি পিছিয়ে ষোলশহর স্টেশনে নেওয়া হয়।
রেলওয়ে সূত্র জানায়, মঙ্গলবার সকাল ৬টা ১৫ মিনিটে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসে পর্যটক এক্সপ্রেস। ট্রেনটি দুপুর ১২টা ৩৫ মিনিটে ষোলশহর স্টেশন অতিক্রম করার পর কিছু দূর এগিয়ে জলমগ্ন রেললাইনের কারণে থেমে যায়। নির্ধারিত সময় অনুযায়ী ট্রেনটির দুপুর ২টা ৪০ মিনিটে কক্সবাজার পৌঁছানোর কথা থাকলেও জলাবদ্ধতার কারণে সেই সূচি ব্যাহত হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁঞা বলেন, “পর্যটক এক্সপ্রেস ষোলশহর স্টেশন ছাড়ার পর মুরাদপুর এলাকায় রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় ট্রেনটি আটকে পড়ে। রেললাইন থেকে পানি না নামা পর্যন্ত ট্রেন চলাচল সম্ভব নয়। যাত্রীদের সুবিধার্থে ট্রেনটি আবার ষোলশহর স্টেশনে ফিরিয়ে আনা হয়েছে।”
তিনি আরও জানান, রেলওয়ের প্রকৌশল বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। রেললাইনের পানি নেমে নিরাপদ ঘোষণা করা হলে ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে।
এদিকে টানা বর্ষণে চট্টগ্রাম নগরের আগ্রাবাদ, মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, বাকলিয়াসহ বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর প্রভাব সড়কের পাশাপাশি রেল যোগাযোগেও পড়েছে। যাত্রীরা দ্রুত পরিস্থিতির উন্নতি এবং ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার অপেক্ষায় রয়েছেন।
আরু/


