আকাশপ্রেমীদের জন্য আজ রাতের আকাশে অপেক্ষা করছে বিশেষ এক মহাজাগতিক দৃশ্য। শনিবার (২৬ সেপ্টেম্বর) দেখা যাবে ২০২৬ সালের ‘হারভেস্ট মুন’ বা ফসল তোলার চাঁদ। বাংলাদেশ থেকেও খালি চোখে দেখা যাবে উজ্জ্বল এই পূর্ণিমার চাঁদ।
জ্যোতির্বিজ্ঞানের হিসাবে, আজ বাংলাদেশ সময় রাত ১০টা ৪৯ মিনিটে চাঁদ পূর্ণতার পর্যায়ে পৌঁছাবে। তবে এর আগেই সন্ধ্যার পর পূর্ব আকাশে চাঁদ উঠতে দেখা যাবে। ঢাকায় চন্দ্রোদয় হবে বিকেল ৫টা ৩১ মিনিটে, আর চট্টগ্রামে প্রায় ৫টা ২৫ মিনিটে।
শরৎ বিষুবের কাছাকাছি সময়ে যে পূর্ণিমা দেখা যায়, সেটিকেই বলা হয় হারভেস্ট মুন। এর সঙ্গে কৃষিকাজের ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। প্রাচীনকালে শরতের এই উজ্জ্বল চাঁদের আলো কৃষকদের সূর্যাস্তের পরও মাঠে ফসল কাটতে সহায়তা করত সেখান থেকেই ‘ফসল তোলার চাঁদ’ নামটির প্রচলন।
চাঁদ দিগন্তের কাছে থাকলে অনেক সময় সেটিকে বড় এবং লালচে বা কমলা রঙের দেখায়। এর পেছনে রয়েছে পৃথিবীর বায়ুমণ্ডলের প্রভাব। চাঁদের আলো বায়ুমণ্ডলের দীর্ঘ পথ পেরিয়ে চোখে পৌঁছানোর সময় নীল আলোর বেশি বিক্ষেপ ঘটে, ফলে লাল ও কমলা আলোর প্রভাব তুলনামূলকভাবে বেশি দেখা যায়।
তাই আজ সন্ধ্যার পর আকাশ পরিষ্কার থাকলে পূর্ব আকাশে চোখ রাখলেই উপভোগ করা যাবে ২০২৬ সালের হারভেস্ট মুনের মনোমুগ্ধকর দৃশ্য। বিশেষ করে দিগন্ত পরিষ্কার এমন স্থান থেকে চাঁদের ওঠার দৃশ্যটি আরও আকর্ষণীয় হতে পারে।
আরু|



