ভারতের কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর নতুন ইনিংস শুরু হচ্ছে নতুন রিয়েলিটি শোতে। দীর্ঘ প্রায় ১৫ বছর জি বাংলার জনপ্রিয় অনুষ্ঠান ‘দাদাগিরি’ উপস্থাপনার পর এবার নতুন চ্যানেল ও নতুন ভূমিকায় দেখা যাবে তাকে।
‘দাদাগিরি’র জনপ্রিয় ‘দাদা’ এবার যোগ দিয়েছেন স্টার জলসায়। চ্যানেলটির নতুন রিয়েলিটি শো ‘বিগ বস বাংলা’-র সঞ্চালকের দায়িত্ব পালন করবেন সৌরভ গাঙ্গুলী।
আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় অনুষ্ঠিত হয় ‘বিগ বস বাংলা’র গ্র্যান্ড ওপেনিং। এরপর আগামীকাল থেকে প্রতিদিন বাংলাদেশ সময় রাত ১০টায় স্টার জলসায় প্রচারিত হবে অনুষ্ঠানটি।
এদিকে ‘বিগ বস বাংলা’র প্রতিযোগীদের নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে নানা গুঞ্জন। শোনা যাচ্ছে, অভিনেত্রী মনামী ঘোষ, সৃজলা গুহ, শন বন্দ্যোপাধ্যায়, সোনামণি সাহা, ভরত কল এবং সংগীতশিল্পী দুর্নিবার সাহা থাকতে পারেন বিগ বসের ঘরে।
এ ছাড়া সুদীপ্তা চক্রবর্তী, নুসরাত জাহান, যশ দাশগুপ্ত ও অঙ্কিতা সিংয়ের নামও আলোচনায় রয়েছে। তবে শেষ পর্যন্ত কারা এই রিয়েলিটি শোতে অংশ নিচ্ছেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। আজকের গ্র্যান্ড ওপেনিংয়ে সৌরভ গাঙ্গুলীই প্রতিযোগীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করবেন।
বাংলায় ‘বিগ বস’ ফরম্যাটের যাত্রা শুরু হয়েছিল ২০১৩ সালে। ইটিভি বাংলায় শুরু হওয়া ‘বাংলা বিগ বস’-এর প্রথম সিজনের সঞ্চালক ছিলেন মিঠুন চক্রবর্তী। ৯০ দিন পর ওই আসরের বিজয়ী হন অনীক ধর।
এরপর দুই বছর বন্ধ থাকার পর ২০১৬ সালে আবারও শুরু হয় অনুষ্ঠানটি। সেবার সঞ্চালকের দায়িত্বে ছিলেন অভিনেতা জিৎ। চ্যানেলও পরিবর্তন হয়ে অনুষ্ঠানটি প্রচারিত হয় কালারস বাংলায়। দ্বিতীয় সিজনের বিজয়ী হন জয়জিৎ বন্দ্যোপাধ্যায়।
দীর্ঘ বিরতির পর এবার নতুন সঞ্চালক, নতুন চ্যানেল ও নতুন ফরম্যাটে ফিরছে ‘বিগ বস বাংলা’। আর এই প্রত্যাবর্তনে দর্শকদের সামনে থাকছেন ক্রিকেটের ‘দাদা’ সৌরভ গাঙ্গুলী।
আরু|



