বলিউডের জনপ্রিয় হরর সিনেমা ‘রাজ’-এর অভিনেত্রী মালিনী শর্মার জীবন যেন সিনেমার গল্পকেও হার মানায়। ২০০২ সালে মুক্তি পাওয়া সিনেমাটিতে অল্প সময়ের উপস্থিতিতেই দর্শকের নজর কাড়েন তিনি। বিশেষ করে ‘আপকে পেয়ার মে’ গানের দৃশ্যে তার উপস্থিতি এখনও অনেকের মনে গেঁথে আছে।
তবে সিনেমা মুক্তির পর ধীরে ধীরে অভিনয়জগৎ থেকে নিজেকে সরিয়ে নেন মালিনী। এরপর দীর্ঘ প্রায় ২৩ বছর তাকে ক্যামেরার সামনে দেখা যায়নি। এতদিন পর এবার ভিডিও প্রকাশ করে নিজের বর্তমান জীবনের কথা জানালেন তিনি।
নিজের ভিডিও ডায়েরি ‘দ্য স্লো লোকাল ডায়েরিস’-এর পরিচয় করিয়ে দিতে গিয়ে মালিনী বলেন, ‘যারা ভাবছেন আমি কোথায় হারিয়ে গিয়েছিলাম, তাদের বলছি আমি বেঁচে আছি। আমি এখানে আছি।’
বর্তমানে ভারতের মহারাষ্ট্রের সাহ্যাদ্রি পাহাড়ি এলাকায়, পুনে থেকে প্রায় দুই ঘণ্টা দূরের একটি ফার্মস্টে পরিচালনা করছেন মালিনী। সেখানে নিজের হাতে সবজি চাষ করেন। খামারে উৎপাদিত বিভিন্ন উপকরণ দিয়ে অতিথিদের জন্য খাবারও তৈরি করেন তিনি।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ২০২০ সালের দিকে সাহ্যাদ্রি এলাকায় বসবাস শুরু করেন মালিনী। পাশাপাশি ‘দ্য স্লো লোকাল’ নামের নিজের উদ্যোগের মাধ্যমে খাবার, কারুশিল্প, কর্মশালা ও প্রকৃতিনির্ভর জীবনযাপন নিয়ে কাজ করছেন তিনি।

একসময় অভিনয়, মেকআপ, সংলাপ আর শুটিং সেটে ব্যস্ত থাকা মালিনীর বর্তমান দিন কাটছে সম্পূর্ণ ভিন্ন পরিবেশে। তার ক্যামেরায় এখন ধরা পড়ে ফার্মের জীবন, চাষাবাদ, রান্না এবং প্রকৃতির সঙ্গে প্রতিদিনের সম্পর্ক। ঘরে তৈরি রুটি, গ্র্যানোলা, জ্যাম, কফি ও তেলের মতো বিভিন্ন পণ্য নিয়েও কাজ করেছেন তিনি।
পরবর্তীতে সেই উদ্যোগের পরিধি বদলে শহরের ব্যস্ত জীবন ছেড়ে সাহ্যাদ্রির পাহাড়ে নিজের ফার্মস্টে গড়ে তোলেন মালিনী। ফার্মের একটি অংশে থাকা প্রাকৃতিক বনও অক্ষত রেখেছেন তিনি। মালিনীর ভাষায়, সেটি তাদের নিজেদের ‘ছোট্ট বন’।
‘রাজ’-এর পর অবশ্য একেবারে সঙ্গে সঙ্গে অভিনয় ছেড়ে দেননি তিনি। অভিনয়ের পাশাপাশি ক্যামেরার পেছনের কাজেও আগ্রহী হয়ে ওঠেন। বিভিন্ন প্রতিবেদনে তার আর্ট ডিরেকশনের সঙ্গে যুক্ত থাকার কথাও উল্লেখ করা হয়েছে।
তবে সময়ের সঙ্গে ব্যক্তিগত জীবন, পরিবার ও সন্তানদের ঘিরে তার অগ্রাধিকার বদলে যায়। ধীরে ধীরে মূলধারার বিনোদনজগত থেকে নিজেকে আড়ালে সরিয়ে নেন তিনি।
দীর্ঘ ২৩ বছর পর নিজের জীবনযাপনের গল্প নিয়ে সামনে এসে মালিনী যেন জানিয়ে দিলেন হারিয়ে যাননি তিনি; বরং বলিউডের আলো-ঝলমল জগতের বাইরে নিজের মতো করে গড়ে নিয়েছেন এক ভিন্ন জীবন।
আরু|



