ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর নতুন তেলুগু সিনেমা ‘মা ইন্তি বাঙ্গারাম’ বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে। নারীপ্রধান তেলুগু সিনেমা হিসেবে প্রথমবারের মতো বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করেছে ছবিটি। এই অর্জনের খবর নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সামান্থা।
সোমবার (১৩ জুলাই) ইনস্টাগ্রামে প্রকাশিত একটি আবেগঘন ভিডিওতে দেখা যায়, সামান্থা একা বসে আছেন। পরে তার স্বামী ও চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমরু একটি আইপ্যাড এনে দেন। সেটি খুলতেই চোখে পড়ে ‘মা ইন্তি বাঙ্গারাম’ ১০০ কোটির ক্লাবে প্রবেশের পোস্টার। মুহূর্তেই আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠেন অভিনেত্রী।
ভিডিওর সঙ্গে দেওয়া দীর্ঘ বার্তায় সামান্থা জানান, সিনেমা মুক্তির আগে তিনি দুশ্চিন্তায় ছিলেন—দর্শক ছবিটি নিয়ে আগ্রহী কিনা, প্রচারণা মানুষের কাছে পৌঁছাচ্ছে কিনা কিংবা আদৌ মানুষ সিনেমাটির কথা জানে কিনা। তবে মুক্তির পর দর্শকদের ভালোবাসা তার সব শঙ্কা দূর করে দিয়েছে।
তিনি আরও লেখেন, নারীপ্রধান সিনেমা নিয়ে এখনও অনেকের মধ্যে সংশয় রয়েছে। এক প্রদর্শক নাকি মুক্তির আগে মন্তব্য করেছিলেন, “নায়িকাকেন্দ্রিক সিনেমা দেখতে কেউ হলে আসবে না।” সেই ধারণাকেই ভুল প্রমাণ করেছে ‘মা ইন্তি বাঙ্গারাম’। সামান্থার ভাষায়, প্রকৃত পরিবর্তন তখনই আসে, যখন কেউ ঝুঁকি নিতে সাহস করে। তিনি আশা প্রকাশ করেন, এই সাফল্য ভবিষ্যতে নারীপ্রধান সিনেমা নিয়ে প্রচলিত নেতিবাচক দৃষ্টিভঙ্গি বদলে দিতে ভূমিকা রাখবে।
নন্দিনী রেড্ডি পরিচালিত এবং সামান্থা ও রাজ নিদিমরুর প্রযোজনায় নির্মিত ‘মা ইন্তি বাঙ্গারাম’ গত ১৯ জুন মুক্তি পায়। দীর্ঘ বিরতির পর এই ছবির মাধ্যমে বড় পর্দায় সফল প্রত্যাবর্তন করেন সামান্থা।
এর আগে তেলুগু ভাষার নারীপ্রধান সিনেমার মধ্যে সর্বোচ্চ আয় ছিল কীর্তি সুরেশ অভিনীত ‘মহনতি’-র, যা ২০১৮ সালে প্রায় ৮৩ কোটি রুপি আয় করেছিল। নতুন এই সাফল্যের মাধ্যমে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল সামান্থার ‘মা ইন্তি বাঙ্গারাম’।
আরু/


